কল্পজ্যোতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কল্পজ্যোতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ মে, ২০২০

সৌমিত্র রায় || কল্পজ্যোতি: স্বয়ংক্রিয় নিয়মের কথা || একটি ধারাবাহিক রিদমিক্স

কল্পজ্যোতি- ২৭ || একটি ধারাবাহিক রিদমিক্স
সৌমিত্র রায়

স্বয়ংক্রিয় নিয়মের কথা

~ আনন্দ~
  |
সৃষ্টির সূত্রেই জেনো, দ্বন্দ্ব তার স্বউদ্ভূত সখা;
নির্বিকার নদী; তবে নদীর প্রবাহ সেটি জানে ৷
আমাদের দ্বন্দ্বক্ষেত্র রঙ্গমঞ্চ পৃথিবী নির্ভর ,
দ্বিধা ও দ্বন্দ্বমুক্ত শান্তির উৎস খোঁজো মনে ॥
     |
প্রতিটি সত্তা স্বতন্ত্র ; একাকীত্বে শ্রেষ্ঠ ; কর্তব্যের যথার্থ নির্ণয় আর তা পালনই, যে যার আপন ধর্ম ; গোষ্ঠীবদ্ধ মানুষের ধর্মমত আর তার নামকরণ প্রকৃতি-দ্বন্দ্বে মেতে থাকে সুদীর্ঘকাল  ; দ্বন্দ্বেই ধন্য এই সৃষ্টি চরাচর ; নীরব হয়ে এলে, ধন্য হয় জ্ঞান, দ্বন্দ্বেও ইতি টেনে নিতে হয় যথাযথ সময় উপস্থিত হলে ; আহা মায়া, আহা রোমাঞ্চ ; মায়ামুক্ত একাকীত্ব পরমচৈতন্যের চৌম্বকীয় টানে আবর্তিত হতে থাকে ; নিরন্তর ; ক্ষেত্রপাল, মহাপ্রকৃতির সেই চৌম্বকীয় প্রাণকেন্দ্র, প্রস্তুত হয়ে অপেক্ষায় থাকে ; যথাযথ লেনদেন ; হিসেব নিকেশ ; তার নির্যাস সবটুকু মিশে থাকে সৃষ্টির স্বয়ংক্রিয় নিয়মে~
  |
হ্যাবিট বদলে ফেলো, ও মানুষ, হ্যাবিটেই বাঁচো,
একাকী এ পথ চলা, চেঞ্জ করো চলাফেরা ধাঁচও ৷
সঠিক চিন্তা আর, যথাযথ পা ফেলার সাথে,
সত্য সময় জেনো গুটি পায়ে মিলেছে তোমাতে ||
  |
 || শান্তি ||



শনিবার, ১৬ মে, ২০২০

কল্পজ্যোতি || একটি ধারাবাহিক রিদমিক্স || সৌমিত্র রায় || সফল সংকল্পে হও কীর্তিমান

কল্পজ্যোতি || একটি ধারাবাহিক রিদমিক্স
সৌমিত্র রায়

২৫|| সফল সংকল্পে হও কীর্তিমান

আনন্দ
 |
হয় ফুল হও, না হয় প্রজাপতি হও, কয়েক কণা
অক্সিজেনও হতে পারো~
কিছুই না হয়ে, ওহে চিন্তন, কেন কেন মিছামিছি 
দ্বন্দ্বে হৃদয়খানি ভরো~|

সংকল্পের জাদুতে জীবন কীর্তিতে ভরো কবি; যেদিন যেমন সংকল্প সেদিন তেমন মানসম্পন্ন জীবন; যেমন মানের সংকল্প তেমন মানের দীর্ঘ জীবনের রোমাঞ্চ; হঠাৎ ছুটিতে কিছুই না পেয়ে আলমারীর বই গোছাতে থাকাই, ছাপা অক্ষরের নড়াচড়া অনন্য অনুরননে মেতেছে মননে; সারিবদ্ধ বই অতিব্যস্ত তোমার স্পর্শ চেয়েছিল কতকাল; তোমার হাতে উঠে আসা ঝাড়ুতে মেঝে আহ্লাদে মেতেছে; আজ তুমি ভাবতে পারছো চায়ের দোকান নয়, তোমার ঘরই যে তোমার পরমধাম; তা  যে সংকল্পের জাদুতে সুন্দর করে নিতে হয়; কাপড় কাচার শব্দে তোমার ঝরে পড়া ঘাম, সাতসকালে উচ্চারিত ঔঁকার ধ্বনির স্মরণে জীবনকে করে তুলছে ক্ষীরের সমান; কোনো বিশেষ প্রয়োজনে তুমি কি বাইরে বেরিয়েছো কবি, ফেরার পথে মনে মনে ভাবো, তুমি তোমার পরমধামে ফিরছো; সংকল্পের জাদুতে সুন্দরের সাধনাকক্ষ হয়ে উঠছে ঘর; সাবানে নিজেকে শুদ্ধ করে নিচ্ছো, মনকেও; এই তো রূপান্তর~
  |
নিঃসংশয়ে আজ নিশ্চয়বুদ্ধির 
সহযোগে ভজ সুন্দর~
সুযোগ যা কাছে থাকে, সুন্দরে ভরো তাকে, 
ঘুচাও যাতনা মন্দ-র~  
|
|| শান্তি ||

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

কল্পজ্যোতি: দোষ বিধাতারও নয় || সৌমিত্র রায় || একটি ধারাবাহিক রিদমিক্স

কল্পজ্যোতি || একটি ধারাবাহিক রিদমিক্স
সৌমিত্র রায়

~দোষ বিধাতারও নয়~
|| আনন্দ || 
|
ঘরখাঁচাতে বন্দি এ মন মিডিয়াতে যে-ই চোখ রাখে,
এই পুরাতন সভ্যতাটির আর্তনাদেই মুখ ঢাকে ৷
মাস্ক পরে কেউ 'লাজ' কি ঢাকে, হাত ধুয়ে কেউ 'পাপ' কি ধোয় ?
মঞ্চে আছি নিস্পাপী তাই, এই সবই কি কাব্য নয় !! 
|
এই পুরাতন সভ্যতায় আনন্দ নয়, আর্তনাদই বেশী বেশী খাচ্ছে মানুষ, সেসবই ভাইরাল হয়; মিডিয়া কিংবা সোসাল মিডিয়ায় প্রতিমুহূর্তে সাবজেক্ট তাই কত বিচিত্র আর্তনাদ; যখন একটা গাছ, কিংবা তার একটা ঝরতে থাকা পাতাও অন্তর্মুখী, গাছের ডাল থেকে মাটি স্পর্শ করার দূরত্বেও তার ঢেউয়ের তালে ঝরতে থাকা আনন্দের উৎসে সব টানটুকু প্রাণপণ গেঁথে রেখেছে যেন ; মিডিয়ার থেকে চোখ ফিরিয়ে তুমি কখনো তেমন কোনো দৃশ্যে বিভোর থেকেছো কবি; অন্তত: ঘাস-শয্যায় শায়িত পাতাটির মর্মরে শোনো শোনো বেদনার আনন্দে টান আছে কিন্তু কোনো মায়া-টান নেই; ছিল না কখনো; কলকাতার মতো শহরের বুকে শক্তিশালী মিডিয়ার রিপোর্টার করোনা-আক্রান্ত মাকে নিয়ে ঘুরে ফিরছে এক হাসপাতাল থেকো অন্য হাসপাতাল; বেড নেই; বেহাল বাঙ্গুর থেকে ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োই তোমাকে বুঝে নিতে হচ্ছে পৃথিবী ছাড়া, জনতার শ্রেষ্ঠ শয্যা আর কোথাও নেই; সোসাল ডিসট্যান্সে আছে মানুষ-মায়ের কোল; ঘটিবাটি বিক্রি করে চিকিৎসকের পরামর্শমতো যখন গরীবরাও নিতে চাইতো নার্সিং হোমে এসির আরাম, "কসাই' বলে গান বেঁধেছিলেন গায়ক; করোনা আবহে হঠাৎ আক্রান্ত ঈশ্বর-আল্লাহ; নার্স-চিকিৎসকরা রাতারাতি ভগবান শিরোপায়; আবার সেই নার্স-চিকিৎসকেরা করোনা পরিষেবায় যুক্ত থাকার কারণে হঠাৎ নিজবাস থেকে বিতাড়নের চক্রে; হায় রে বিধাতা, তাও ভাইরাল হয় মুহূর্তে; মানুষ মুখোশ ধরতে ভালোবাসে, হয়তো তাই আজ প্রতিটি মুখেই মুখোশ; তথাপি সবাই নির্দোষ; এই যে পৃথিবী, এই যে আকাশযান, এই মঞ্চ নিরন্তর দৃশ্যে সাবলীল; মাহাশূন্যে যে যার পার্টে আছি মগ্ন~
|
দোষ কাকে দিই, সভ্যতাকে ? দিন গড়ানো-ই~ উন্নতি ?
দিন গড়ালে বয়স বাড়ে; সব "উন্নতি"ই ভিমরতি !!
দেহ-খাঁচায় আত্মা-পাখি, বিধাতাকেও দোষ না দাও;
এই নিয়মেই সৃষ্টি মহান, সেই নিয়মের সঙ্গ নাও !!
 |
|| শান্তি ||


বুধবার, ১৩ মে, ২০২০

কল্পজ্যোতি | একটি ধারাবাহিক রিদমিক্স~ সৌমিত্র রায়

কল্পজ্যোতি | একটি ধারাবাহিক রিদমিক্স~
সৌমিত্র রায়

করোনাপর্বে বিশ্ব হাসি দিবস~
|| আনন্দ ||
       |
সমূদ্রস্রোত স্ব-উচ্ছ্বাসে নিরন্তরই হাসে,
শূন্যে সদা নীরব হাসি আলোকের প্রকাশে ৷
গাছ-গাছালির সবুজ হাসি না হয় কভূ ম্লান,
যোগ-হাসিতে হাসো মানুষ, আরোগ্যে জাগো প্রাণ ||
        |
মে~৩ ; ওজনস্তরের ফুটো সারিয়ে ঘর-খাঁচার চারপাশের বিশাল শূন্যতা হাসির শুভেচ্ছা জানাতে উঁকি দিচ্ছে ভোরে, জানালার ফাঁকে ; বিশ্ব হাসি দিবসের শুভেচ্ছা ; স্মার্ট চোখগুলির সামনে ভোররাতে হঠাৎ নিভে যাওয়া এন্ড্রয়েডের আলো, কবেই সে হাসির ঠিকানা হারিয়েছে; ঠিকানা হারানোর এটাই যেন সেরা সময় ; রাতচরার প্রজন্মকে গোগ্রাসে গিলে, লুপ্ত করে, তার ভাইরাসকেও আত্মস্থ করে নিচ্ছে রাতজাগা সভ্যতা; ঠিকানা পাল্টে লুপ্তপ্রজাতির বাদুড়দেহ থেকে এখন মানুষের দেহে; জিন পাল্টে পাল্টে অস্তিত্ব রক্ষার তাগিদে নিজেও নিয়ন্ত্রনহীন কোভিড-১৯; সমতল থেকে পর্বতচূড়া, সমূদ্রের ঢেউ থেকে মহাশূন্য- প্রকৃতি-আধাত্ম্যের হাসি ফেরাচ্ছেন বিধাতার বিধি; ভোর~ পাখিরা জেগে উঠছে, ঘুমোতে যাচ্ছে সভ্যতা~ হাসতে ভুলে গেছে মানুষের ভোর; কেউ কি আসন পেতেছে, ভোরের চোখে চোখ রাখতে পারছে কি কোনো মানুষ; হয়তো হাসি-যোগার ফেসবুক লাইভে দু-একটা লাইক বুঝে নিতে চাইছে, শূন্যতার হাসি-ভাষা~
   |
বিশ্ব হাসি দিবস জুড়ে হাসলো রে প্রকৃতি,
ঘর খাঁচাতে বন্দি মানুষ সহ-যোগ তার ভীতি !
কল্পজ্যোতি বলেন তবু হাসো উচ্চস্বরে,
করোনা-ভয় কান্না ভুলো, হাসি ফেরাও ঘরে ||
  |
|| শান্তি ||

মঙ্গলবার, ১২ মে, ২০২০

কল্পজ্যোতি: যে জিতেছেন স্বয়ং নিজের মন || সৌমিত্র রায় || একটি ধারাবাহিক রিদমিক্স

কল্পজ্যোতি: যে জিতেছেন স্বয়ং নিজের মন
সৌমিত্র রায়
২১.
|| আনন্দ ||
|
যে জিতেছেন স্বয়ং নিজের মন,
এই দুনিয়া জয় হল তাঁর, জয় হল জীবন
অস্ত্র দিয়ে বিশ্ব জয়ে নেই কোন গৌরব,
বিশ্ব হৃদয় জয়েই ছড়ায় সত্তার সৌরভ ||
    |
কল্পজ্যোতির আলোচ্ছটায় ভেসে আসা কবিতার ধ্বনিতে, কবি মন্ত্রমুগ্ধ; পানাপুকুরে ডালা দেওয়া কঞ্চির ডোগায়, কোন্ অব্যক্ত আনন্দে স্থির ওই ফড়িংটি ; পানার ফাঁকে জলে ফুটে ওঠা আত্মছায়ায় ওর মগ্নতাকে আদর করছে মৃদুমন্দ হাওয়া ; লতা-পাতা-জল কারো যেন অতিরিক্ত চাওয়ার কিছু নেই ; উদ্ভিদে অন্তর্মুখী জীবন কবিকে ভাবাচ্ছে নিরন্তর ; জাতীয়, আন্তর্জাতিক কিংবা গ্রামীণ রাজনীতির পেশীশক্তিতে ন্যুহ্য জৈববৈচিত্র্য ও প্রকৃতি-আধ্যাত্ম সভ্যতা ; কত বৈচিত্র্য লুপ্ত হয়েও নির্বিকার ; মোবাইল টাওয়ার থেকে পাখিদের স্মৃতির তরঙ্গ বেয়ে ভেসে আলাপচারিতায় কেঁদে উঠছে নদী ? কে জানে ? লরি লরি বালির পাচারে স্বাচ্ছন্দ্য হারিয়েও নদী তো কাঁদছে না ; রেডিয়োর বিশ্বসংবাদে ইরান কি আমেরিকাকে দিচ্ছে পরমানু হামলার পাল্টা হুংকার ; সংবাদে অস্থির কবিমন, চাইছে মনেরই নিয়ন্ত্রন ; কামতাড়িত আবেগতাড়িত কবিরা এতো মানুষের হাহাকার দ্বন্দ্ব যন্ত্রণা ছলনার ভাইব্রেশনে খ্যাতির প্রলোভন ভুলে মনকে কি জয় করতে পারবে ; জয় হলেই বা তা কেমন হবে ; কল্পজ্যোতির আলোভাষায় আরো ধ্বনিত হয়~
|
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে দিব্য পুতুলখানি,
জয় করে মন হন নারায়ণ, কিংবা নারায়ানী ৷
জয় করা মন পদ্ম যেন দীপ্ত প্রস্ফুটিত,
কলির পাঁকে দু-পা রেখেই সত্য উদ্ভাসিত ||  
|
|| শান্তি ||

সোমবার, ১১ মে, ২০২০

কল্পজ্যোতি @ বর্ষবরণে | সৌমিত্র রায় | ধারাবাহিক রিদমিক্স

কল্পজ্যোতি @ বর্ষবরণে | ধারাবাহিক রিদমিক্স
সৌমিত্র রায়


|| আনন্দ ||
 |
যাঁর চেতনায় পাপড়ি মেলছে ফুল,
প্রজাপতির ডানায় রঙের নৃত্য !
তাঁর চেতনায় শিল্পীসত্তা জাগো ,
হে জীবন, জাগো কাব্যে, থাকো যুক্ত ৷৷
     |
চমকে উঠলো ভোর ; তেঁতুলতলার মাঠে ; পয়লা বৈশাখ ; ১৪২২ ; রাতের শেষ আঁধারকে পরম আদরে বিদায় জানাচ্ছে প্রদীপ, মোমবাতির শিখা ;  শঙ্খধ্বনি ; ঘড়ির স্বাচ্ছন্দ্যে বরণডালায় আহ্লাদিত নববর্ষের প্রথম সূর্যোদয় ; গা ঝাড়া দিয়ে পাখিরা কী যেন বলাবলি করছে ; অভ্যাস ভেঙে কারা যেন ভালোবাসছে তাদেরও ; অন্তর্চেতনায় ; আহা আনন্দ ; পাতায় পাতা এ ওকে ছুঁয়ে অভ্যাসবশত কথা বলায় ~ ভোরের মৃদুভাষী হাওয়া আহ্লাদিত ~ কবিকণ্ঠে উচ্চারিত কবিতার ধ্বনিতে ; ওহে পাখি জ্যোতির্ময়, ঠোঁটে কী বাজাও ; প্রবীণ নাট্যশিল্পীর একাকী নাটকে অনর্গল ; এসো নূতন
|
জ্ঞানপাখি ওরে চঞ্চল অস্থির,
কাহিনিকারের কল্প-বিলাসে এসো ৷
জানা-অজানার বাহির ও অন্তরে,
সবটুকু নিয়ে জীবনকে ভালোবেসো || 
|
|| শান্তি ||


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...