নরসিংহ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নরসিংহ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

ঐতিহ্যবাহী গাজন উৎসব || নরসিংহ দাস

ঐতিহ্যবাহী গাজন উৎসব

নরসিংহ দাস



'আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই।'- ছড়ার গানে রয়েছে শিবের গাজন। পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী দেশ বাংলাদেশের এক ঐতিহ্যবাহী হিন্দু লোক‌উৎসব গাজন। শিব, নীল, মনসা ও ধর্মঠাকুরের পূজাকেন্দ্রীক উৎসব এই গাজন। বাংলা গাজন শব্দটি 'গর্জন' শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এই উৎসবে অংশগ্রহণকারী সন্ন্যাসীরা প্রচন্ড গর্জন করেন বলেই এমন নাম। অন্যদিকে গাজন শব্দটি দুটি শব্দের মিলন। 'গা' শব্দটি 'গাঁ' অর্থাৎ গ্রাম এবং 'জন‌' শব্দটি জনসাধারণকে বোঝায়। অর্থাৎ গ্রামীণ জনসাধারণের উৎসব হ‌ওয়ায় এমন নাম। লোকবিশ্বাস অনুযায়ী- দেবী হরকালীর সঙ্গে শিবের বিবাহ হয় এই দিনে। সন্ন্যাসীরা এই উৎসবে বরযাত্রী হিসেবে অংশগ্রহণ করেন। অন্যমতে ধর্মঠাকুরের গাজন হল- ধর্মঠাকুর ও দেবী কামিনী-কামাখ্যার (বাঁকুড়া জেলা) বিবাহ উৎসব। রাঢ়বঙ্গের  শৈবসংস্কৃতির  এক বিশেষ অঙ্গ হল এই গাজন উৎসব।

    গাজন বিভিন্ন নামে পরিচিত- শিবের গাজন, ধর্মের গাজন, নীলের গাজন, আদ্যের গাজন।  আবার জেলায় জেলায় এর ভিন্ন নাম। মালদহ জেলায় 'গম্ভীরা',  জলপাইগুড়ি তে 'গমীরা' নামে পরিচিত। বাংলা বর্ষপঞ্জির  চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে এই উৎসব পালিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। ধর্মের গাজন‌ বৈশাখ, জৈষ্ঠ ও আষাঢ় মাসে পালিত হয়। চৈত্র মাস ছাড়া বছরের অন্য সময় শিবের গাজন অনুষ্ঠিত হলে, তাকে 'হুজুগে গাজন' বলা হয়।

    গাজন উৎসবের সঙ্গে জড়িত রয়েছে গাজন মেলা। নদীয়া জেলার নবদ্বীপের বিভিন্ন অঞ্চলে শিবলিঙ্গগুলি বৌদ্ধ প্রভাবিত। নদীয়ার দুই মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ও  গিরিশচন্দ্র রায় - অলকনাথ ও ভবতারণ নামে শিবের প্রতিষ্ঠা করেন। এছাড়াও অন্যান্য শিবমন্দির জুড়ে গাজনের এই পাঁচদিন উৎসবে মেতে ওঠেন এলাকাবাসী। আবার বর্ধমানের মন্তেশ্বর গ্রামে গাজন‌ উৎসবে কালীর আরাধনা করা হয়।  প্রায় চারশো বছর ধরে এই ব্যতিক্রমী নিয়মে মানুষ‌ই কালীর বেশে পূজিতা হন। হুগলী জেলার তারকেশ্বরে তারকনাথ শিব, পূর্ব বর্ধমান জেলার কুড়মুনের  ঈশানেশ্বর শিব, বাঁকুড়া জেলার এক্তেশ্বর শিবের গাজন উৎসব উপলক্ষে মেলা হয়। জৈষ্ঠ মাসের দশহরাতে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রামের মনসার গাজন এবং আষাঢ়ি পূর্ণিমায় ঐ জেলার বেলিয়াতোড়ের ধর্মরাজ ঠাকুর, ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি এলাকায় জ্যৈষ্ঠ মাসের  ২৫/২৬ তারিখে শিবকেন্দ্রিক 'হুজুগে গাজন' বিখ্যাত। এখানকার মেলায় আদিবাসী নৃত্য বিশেষ আকর্ষণ। এককালে কলকাতার কাঁসারিপাড়া ও জেলেপাড়ার স‌ঙ বিখ্যাত ছিল।

    বর্তমানে আধুনিক মেলা ও পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে গাজন উপলক্ষে তেমন‌ উন্মাদনা আর নেই বললেই চলে। তবে গ্রামীণ লোকসংস্কৃতিতে এখনও বহু এলাকায় গাজন উৎসব উপলক্ষে জনসমাগম হয়। গাজনের সঙ্গে চড়ক পূজা উপলক্ষ্যে কুমিরের পূজা, জলন্ত অঙ্গারের উপর হাঁটা, কাঁটা আর ছুরির উপর লাফানো, বাণফোঁড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়কগাছে দোলা এবং দানো-বারনো বা হাজরা পুজো করা হয়। এককথায় ঐতিহ্যবাহী গাজন উৎসব উপলক্ষে এই কদিন‌ গ্রামীণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা থাকে চরমে।

নরসিংহ দাস।

রবীন্দ্রনগর। পশ্চিম মেদিনীপুর।

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম




মেদিনীপুর শহরের বাসিন্দা, ভূগোল শিক্ষক, মহিষাগেড়্যা এ. এম. এ. হাই মাদ্রাসা (উঃ মাঃ), কেশপুর, পশ্চিম মেদিনীপুর। ভূগোল বিষয়ক শিক্ষক হ‌ওয়ার কারনে কমবেশি ছবি আঁকতে হয়। তাছাড়া ছোটবেলা থেকেই আঁকার প্রতি একটু দুর্বলতা রয়েছে। শুধু ছবি আঁকা নয়, নিত্য প্রয়োজনীয় বা ফেলে দেওয়া কোন জিনিস দিয়ে নানান মূর্তি ও নক্সা তৈরি করে ফেলেন। যেমন কালো জিরা, মসুর ডাল, কলার খোসা দিয়ে নানান অবয়ব সাদা কাগজে ফুটিয়ে তোলেন। পাতা কেটেও নানান ছবি ফুটিয়ে তোলেন। ত্রিমাত্রিক ছবিও আঁকেন মাঝে মাঝে। তবে বেশীরভাগ ছবি কালো বলপেনে আঁকা। ইতিমধ্যে কয়েকজনের ছবি এঁকে ফ্রেমবন্দি করে উপহার হিসেবে তুলে দিয়েছেন। ঐ তালিকায় রয়েছেন গায়ক সোনু নিগম, পন্ডিত কৈবল্য কুমার গৌরব,  শ্রীকুমার চট্টোপাধ্যায়, পি.সি. সরকার জুনিয়র, গায়ক সিদ্ধার্থ রায় প্রমুখ। শিক্ষকতা ও আঁকার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত। সময় পেলে পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান, ভগ্ন রাজবাড়ী, প্রাচীন স্থাপত্য ও মন্দির ঘুরে দেখেন‌ ও ঐ বিষয়ক তথ্য তুলে ধরেন। সেই সঙ্গে চলে সাংবাদিকতা। আনন্দবাজার পত্রিকা, বর্তমান, সংবাদ প্রতিদিন, এই সময়, আজকাল পত্রিকায় ইতিমধ্যেই অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ছবি তোলার প্রতিও রয়েছে টান। স্মার্টফোন এর ক্যামেরায় কখন‌ও ধরা পড়ে সূর্যকে বটগাছের ঝুরিতে ঝুলতে,  ফুলের পাপড়ির মধ্যে সূর্যকে বসানো ছবি। এই  কাজের জন্য 'বীরপুরুষ', 'মানবরত্ন', 'শিল্পীরত্ন' সম্মাননা পেয়েছেন।



Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...