পার্থ সারথি চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পার্থ সারথি চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

ভীড় করে আসা ভাবনারা- ৯ || পার্থ সারথি চক্রবর্তী || কবিতা


ভীড় করে আসা ভাবনারা- ৯ 

পার্থ সারথি চক্রবর্তী 



পথ দিয়ে হেঁটে যেতে দেখি
                            সারি সারি সময় 
আর আস্তিনে গুটোনো কলকব্জা 
সুযোগ বুঝে খুলে দিই-
                              সময়ের ভীড়ে
হুটোপুটিতে খেই হারিয়ে যেতে থাকে 
পুরনো সব অভ্যাস, ঘটিবাটি 
                              আর ভাবনারা
আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে 
                              ঐন্দ্রিক প্রবৃত্তি

বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

সম্বল || পার্থ সারথি চক্রবর্তী || আজকের কবিতা

সম্বল 

পার্থ সারথি চক্রবর্তী




পরপর সাজিয়ে রাখি মুগ্ধতাগুলোকে-
সেই দৃশ্যরাশির পাশাপাশি।
আসলে এ সবই তো সম্বল!
ঊষা থেকে গভীর রাত -
সমুদ্র থেকে পাহাড়, জঙ্গল থেকে মরুভূমি 
গেয়ে যাই জীবনের জয়গান।
মাতৃজঠরে অস্ফুট চিৎকার আর
ধূলিমাখা পথের পাঁচালীকে ছাপিয়ে যায়-
জীবনের জয়গান, যাপনের গান।
তাই বেঁচে থাকি, থাকতেই হয়;
মুগ্ধ হয়ে দেখে যেতে হয়।

মুগ্ধতাকে ভালবাসা দিয়ে তাই মুড়ে রাখি।

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

হৈমন্তী || পার্থ সারথি চক্রবর্তী || সমান্তরাল কবিতা

 হৈমন্তী 

পার্থ সারথি চক্রবর্তী 


হেমন্তের কোন এক অলস দুপুরে 
মেঠোপথে হেঁটে যেতে যেতে, 
হারাই এক সোনাঝরা হলুদ ভুলভুলাইয়ায় ......
মুহূর্তে মিশে যাই সোনালী ক্ষেতের সাথে।

আহারে আমার শস্য শ্যামলা মা,
আমার বাংলা, তোমার আঁচলে যে ভীষণ মায়া।
আমি বারবার ফিরে যাই তোমার কাছে।
হেমন্ত যেন মায়ের হাতের সেদ্ধভাত নিয়ে আসে।

রাখালের বাঁশির সুরে ভেসে যায় মন,
এক অদ্ভূত ঘোর লেগে থাকে চোখেমুখে।

আমি হেমন্তের কাছে ঠিকানা লিখে রাখি,
মায়ের পরশে পাগল হই সোনালী দিনে।

সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

হার্ট প্ল্যান্ট || পার্থ সারথি চক্রবর্তী || অন্যান্য কবিতা

হার্ট প্ল্যান্ট 

পার্থ সারথি চক্রবর্তী 


আমার কোন সাজানো বাগান নেই।
শুধু আছে হৃদয়ভূমিতে জন্মানো কিছু-
         নামহীন অজানা গাছ।
যেগুলোকে আমি আগাছা বলি না,
বা পরগাছাও বলি না, বরং 
        আগলে রাখি পরম যত্নে।
তুমি আসার সঙ্গে যে ঝোড়ো হাওয়া 
নিয়ে আস সাথে ক'রে, তাতে দুলে উঠলেও 
        উপড়ে যায় না কিছুতেই ।
আমার কাছে ওরাই যে মহার্ঘ্য, দুষ্প্রাপ্য 
কিছুতেই হারিয়ে যেতে দিইনা তাদের
        ভাবছি,হার্ট প্ল্যান্ট নাম দেব ওদের। 

বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ভীড় করে আসা ভাবনারা-৫ # || পার্থ সারথি চক্রবর্তী || অন্যান্য কবিতা

 ভীড় করে আসা ভাবনারা-৫ #

        পার্থ সারথি চক্রবর্তী 



দীর্ঘশ্বাসের চোরাবালি থেকে উঠিয়ে আনার
    চেষ্টায় মত্ত হয়ে আছি- এক মুঠো বিশ্বাস ।

বন্ধক রাখা বিবেক আর
বিকিয়ে দেওয়া মেরুদণ্ড সত্ত্বেও-
    মাঝে মাঝে ডুব দিচ্ছি,
    মানবতার সন্ধানে, এক অতলে।

যেখানে কঙ্কালসার চেহারাগুলো বিদ্রুপে উন্মত্ত; 
    তান্ডব নৃত্য করছে অবিশ্বাস, আর
    যোগ্য সঙ্গত করছে ঘৃণা আর দ্বেষ।

অধীর আগ্রহে অপেক্ষা করি আলোর ঝলকানির।

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

নদীর তালে তালে || পার্থ সারথি চক্রবর্তী || কবিতা

 

নদীর তালে তালে  

পার্থ সারথি চক্রবর্তী 



যেখানে নিঃশব্দে মিশেছে আমার স্মৃতি-
    পাহাড়ি খরস্রোতা নদীর সঙ্গে, 
বাঁকে বাঁকে মিশে গেছে বয়ে আসা 
     পাথরের আপাত কাঠিন্য।
কখনো মনে করায় আদিম উৎসমুখ
কখনো বা হারিয়ে যাওয়া কপট সুখ।
বারবার তাও কেন ফিরে ফিরে যাই 
কোন এক অজানা পরশপাথরের টানে।
     প্রাণভোমরা যেন নদীর চলায়
অদ্ভুত এক নৃত্যনাট্য দেখায়, তালে তালে ।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

# স্বপ্নের দেশে # || পার্থ সারথি চক্রবর্তী || কবিতা

   # স্বপ্নের দেশে #
       পার্থ সারথি চক্রবর্তী 

 আমার বিষন্ন কালো রাতগুলোতে-
     তুমি এসে যখন শিয়রে দাঁড়াতে 
 সকল জাগতিক উৎকন্ঠাগুলো
     কোন অচেনা সুদূরে হারিয়ে যেত

     এক লহমায়, এক ক্ষুদ্রতম মুহুর্তে

আমি যাই এক গহিন ঘুমের প্রদেশে
'সব পেয়েছি'র এক স্বপ্নের দেশে

যেন মোহহীন সিদ্ধ সন্ন্যসীর বেশে

রঙিন  প্র জা প  তি  রা  যেখানে-
                   পাখা মেলে উড়ে বেড়ায় 
পা খি দে র মধুর কলকাকলি-
                   কান পাতলে ভেসে আসে
পেঁজা তুলোর মতো মে ঘে রা-
                 আকাশকে সুন্দরী করে তোলে

বিশ্বাস করো,ফিরে আসতে মন চায়না 
অপার্থিব আনন্দ ছেড়ে এই বিষণ্ণ সংসারে

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...