বিপ্লব মাজী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিপ্লব মাজী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

একা একা একা তুমি || বিপ্লব মাজী || আজকের কবিতা

একা একা একা তুমি 

বিপ্লব মাজী 



আমি জানি 

সামনেই কোথাও তুমি

একা একা হাঁটছ 


একা একা 

কত কি ভাবছ 

আকাশ পাতাল 


মাঝে মাঝে 

মনে মনে মুথটিপে 

হাসছ 


পৃথিবীতে 

ভালোবাসা কত ছোট 

কত পলকা 


তবুও মানুষ 

স্বপ্ন দেখে চিরায়ত 

ভালোবাসার 


মায়ায় 

জড়িয়ে রাখে 

জীবনের সব স্মৃতি 


জানে না 

সামনে দিন 

যেতে হবে চিরতরে 


জানি তুমি 

এসবই ভাবছ 

একা একা 


কত কি 

ভাবছ তুমি একা তুমি 

একা একা 


এভাবেই একটি জীবন 

বেঁচে থাকে --

বাঁচার স্বপ্ন দেখে চিরকাল. ..


## ১৫ ফেব্রুয়ারি ২০২১। বিকেল।

সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

স্তব্ধতার ভাষায় আমরা কথা বলি || বিপ্লব মাজী || আজকের কবিতা

স্তব্ধতার ভাষায় আমরা কথা বলি

বিপ্লব মাজী 



স্তব্ধতার ভাষা আছে 

আমি জানি তুমি জানো


স্তব্ধতার ভাষায় আমরা 

কথা বলি গান করি 


স্তব্ধতার বর্ণমালায়

হৃদয়ের কথা বলি 


স্তব্ধতার ভাষা জানে 

পৃথিবীর পশুপাখি 


স্তব্ধতার কথা বলে 

আকাশ ও জল মাটি 


তোমার হৃদয় ব্যপ্ত 

বিশ্ব চরাচরে 


যখন তোমাকে ভালবাসি 

চুমোয় চুমোয় দিই ভরে 


আনন্দে কাঁপো থরথরো

দুচোখে শিশির ঝরে পড়ে... 


শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

গতকাল রাতে বেথলেহেমের শিশুটি মেদিনীপুর এসেছিলেন || বিপ্লব মাজী || বড়দিনের কবিতা

গতকাল রাতে বেথলেহেমের শিশুটি মেদিনীপুর এসেছিলেন

বিপ্লব মাজী 




গতকাল রাতে 

             বেথলেহেমের শিশুটি 

                              মেদিনীপুর এসেছিলেন 

একটি উজ্জ্বল তারা 

পথ দেখিয়ে তাঁকে নিয়ে এসেছিল,

তাঁর সঙ্গে ছিলেন 

          ক্রিসমাস ট্রি নিয়ে সান্তাক্লজ ।


মেদিনীপুরের  শিশুরা 

এই অলৌকিক দৃশ্য দেখে অভিভূত, 

বেথলেহেমের শিশুটিকে 

                      তারা প্রশ্ন করেছিল 

                                     কোভিড-১৯ নিয়ে --

বিমর্ষ বেথলেহেমের শিশুটি উত্তর দিয়েছিলেন 

এই অজ্ঞাত ভাইরাসটি সম্পর্কে

                                 তিনিও কিছুই জানেন না, 

কেননা এই ভাইরাসটির জন্ম স্বর্গে না 

পৃথিবীর ল্যাবে 


বেথলেহেমের শিশুটি 

সান্তাক্লজের সঙ্গে স্বর্গীয় কেক বিস্কুট চকলেট 

           শিশুদের ঘরে ঘরে বিলি করে 

                        মহাকাশ যানে স্বর্গে ফিরে যান


মেদিনীপুরের শিশুরা 

যে যার বাড়ির জানলা দিয়ে  

সেই স্বর্গীয় দৃশ্য দেখে অভিভূত ! 


শীতের রাত, 

            দূরের গির্জা থেকে 

ক্রিসমাসের ঘণ্টাধ্বনি ভেসে আসছে... 


## ২৪ ডিসেম্বর ২০২০। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

পৃথিবী থেকে উঁকি মেরে তোমাকে দেখলাম || বিপ্লব মাজী || অন্যান্য কবিতা

পৃথিবী থেকে উঁকি মেরে তোমাকে দেখলাম 

বিপ্লব মাজী 



বাড়ি থেকে কংসাবতী নদীগর্ভে নেমে গেছে পথ, 

ওদিকে একসময় সূর্যোদয় সূর্যাস্তে হেঁটে যেতাম আর পৃথিবী থেকে উঁকি মেরে তোমাকে দেখতাম,


সূর্যোদয়ে তোমাকে মনে হত কেশর ফোলানো বুনো ঘোড়া 

সূর্যাস্তে মনে হত পথ হারানো হরিণ 


জাতকগাথায় পুনর্জন্মের কথা জেনেছিলাম 

আর আজ 

প্রতিদিনই তোমার পুনর্জন্ম দেখি কংসাবতীর গর্ভে  


প্রেমের আলো সাতপাক ঘুরে উঠে গেছে  দিগন্তে,

পৃথিবী থেকে উঁকি মেরে তোমাকে দেখলাম :

ডানামেলে উড়ে আসছো মেদিনীপুর শহরে 


বহুজাতিক কোম্পানির সুন্দরী প্রতিযোগিতায়... 


## ২২ ডিসেম্বর ২০২০। দুপুর ২ টো ২৫ মিনিট।

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

স্মৃতির ভেতরে বৃষ্টি || বিপ্লব মাজী || কবিতা

স্মৃতির ভেতরে বৃষ্টি 

বিপ্লব  মাজী 



পৃথিবীর একটি গাছের নিচে

                     কবিতার বৃষ্টিতে ভিজছিলাম।

ভিজতে ভিজতে 

                         কখন পালতোলা নৌকো 

ভেসে চলেছি খরস্রোত নদীতে 

বুঝতে পারি নি। 

স্মৃতিতে ভেসে এলো 

অ্যামাজন অরণ্যের বৃষ্টি আর 

নদীপথে 

              হারিয়ে যাওয়ার কথা। 

প্রাগৈতিহাসিক প্রাণী একটি কুমির 

দেখা দিয়েই জলের গভীরে হারিয়ে গেল ।

কুমিরটিকে আজও 

                 মাঝে মাঝে স্বপ্নে দেখি! 

আকাশ থেকে বৃষ্টি নেমে এলেই দেখি :

অ্যামাজন নদী 

আজও বয়ে চলেছে বুকের গভীরে

যেন পূর্বজন্মের স্মৃতি। 

কিন্তু এই পথপরিক্রমার কোথাও 

তোমাকে দেখলাম না 

যদিও তুমি আছো। 

এ কাহিনীর কোন বিন্দুতে তুমি দাঁড়িয়ে আছো? 

জানি না। 

গোয়েন্দার মতো তোমাকে খুঁজছি

আর ডায়েরিতে নোট নিচ্ছি । 

বৃষ্টি এলেই অতীতের কতকিছু ফিরে আসে... 


#:#

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

ইচ্ছাপূরণের দেশে কোভিড-১৯ নেই || বিপ্লব মাজী || কবিতা

ইচ্ছাপূরণের দেশে কোভিড-১৯ নেই

বিপ্লব মাজী 



কোভিড-১৯-এর তোয়াক্কা না করে, 

অনেক সময় অলীকআকাশকুসুম ভাবনায় 

কেটে যায় বেশ সুন্দর সময়! 


মানুষের কল্পনার শেষ নেই, 

বিজ্ঞান ও প্রযুক্তির ডানায় উড়ে 

সে পৌঁছে যেতে পারে 

পৃথিবীর যে কোন প্রান্তে যে কারো কাছে, 

বাধা দেওয়ার কেউ নেই, 

অনেক গোপন স্বপ্ন অসমাপ্ত ভালবাসা 

অনায়াসে পূর্ণতা পায় কত সহজে, নিউনরমালে 

আমরা পৌঁছে যাই ইচ্ছাপুরণের দেশে !


ইচ্ছাপূরণের দেশে কোভিড-১৯ নেই 

সংক্রমণ বা মৃত্যুর ভয় দেখাতে, নিশ্চিন্তে আমরা পৌঁছে যাই পাহাড,কোন নির্জন দ্বীপ,অরণ্য, সমুদ্রে 


অবচেতন মনের গভীর থেকে উঠে আসে 

সবপেয়েছির দিন সুন্দর পৃথিবী ও একটি কবিতা... 



মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

মৃত্যুর কোন ছবি নেই || বিপ্লব মাজী || কবিতা

মৃত্যুর কোন ছবি নেই 
বিপ্লব মাজী 


মৃত্যুর কোন ছবি নেই
মানব সভ্যতার ৭০,০০০ বছরের ইতিহাসে,
কল্পনায়
মৃত্যুর ছবি কেউ কেউ এঁকেছেন, কিন্তু
মৃত্যু সবসময় অদৃশ্য,
মৃত্যুকে ধরা যায় না ছোঁয়া যায় না
অথচ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে

জীবন সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে
আমরা ভুলে থাকি মৃত্যুর কথা,
মনেই থাকে না মৃত্যু বলে কিছু আছে,
অথচ মৃত্যু আড়ালে ঠিক আছে,
সবকিছু নজর রাখছে,
আর মৃত্যুকে অবজ্ঞা করতে
আমরা একে অন্যে বলছি পুনর্জন্মের কথা...


বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

হাজার হাজার মাইল হাঁটতে হাঁটতে || বিপ্লব মাজী || কবিতা

হাজার হাজার মাইল হাঁটতে হাঁটতে 
বিপ্লব মাজী 


যন্ত্রণার সমুদ্রে দাঁড়িয়ে
মৃতদেহগুলিকে পাশ কাটিয়ে
আমরা এগোতে থাকি,
আমরা জানি
আমাদের পাশে না আছেন ঈশ্বর না আছে রাষ্ট্র ,
আমাদের কান্না আমাদের আর্তনাদ
কিছুই ওঁদের কানে পৌঁছোয় না,
অনেক তদ্বির তদারকি করলে ,
মিডিয়া আমাদের দুর্দশা নিয়ে
শোভনসুন্দর কিছু টেলিকাস্ট করে,
ওঁরাও কিছু প্রতিশ্রুতি দেন,
যদিও সেসব প্রতিশ্রুতি
 টেলিভিশনের পর্দাতেই শুধু ভেসে ওঠে,
আমরা ধরেই নিই ঈশ্বর ও রাষ্ট্র
আমাদের পাশে আছেন,
আমাদের দুঃসহ অবস্থা দেখে তাঁরা দুঃখিত!
আর আমরা জানি,
ঝড়ঝঞ্ঝা প্রখর রোদ নির্জন রাত যাই আসুক সামনে
আমাদের হাঁটতে হবে,
হাত থেকেও কাজ নেই
তবু আমাদের হাঁটতে হবে
হাজার হাজার মাইল হাঁটতে হবে,
হাঁটতে হাঁটতে একদিন পৌঁছে যাবো গ্রামে
অথবা পথেই মৃত্যু হবে ...
শেয়াল কুকুর টেনে খাবে পচাগলা শব!
অনেকেই দুঃখ পাবে অথবা শোক প্রকাশ করবে
মানব জীবনের মর্মান্তিক অপমান দেখে,
নির্লিপ্ত রাষ্ট্রের গাছখাতায় বাড়বে
শুধু কিছু  মৃত্যুর  পরিসংখ্যান...

## ২৯ মে বিকেল।।

রবিবার, ৩ মে, ২০২০

বিপ্লব মাজী || মেদিনীপুর শহরে একদিন পৃথিবী উঠে আসবে

মেদিনীপুর শহরে একদিন পৃথিবী উঠে আসবে
বিপ্লব মাজী

মেদিনীপুর শহরে একদিন
                           পৃথিবী উঠে আসবে,
কংসাবতীর তীরে হবে বনভোজন, কবিতা পাঠ,
সেদিন আমি না থাকলেও তোমরা থাকবে,
যারা আমাকে দেখেছ, বা আমার কাছে
               কখনো সখনো এসেছ
কংসাবতীর জলে হাত ডোবালেই
ভেসে উঠবে স্মৃতি,
স্মৃতি তর্পণে
                  আমার মুখের ছবি,
গল্প করবে ছবির সঙ্গে, সেই জাহাজের গল্প,
অদৃশ্য যে জাহাজে চড়ে
                আমরা পৃথিবীতে আসি, ফিরে যাই :
                                  ' আবার আসব বলে '
যদিও আসি না, চিরতরে চলে যাই...

## ২৬ এপ্রিল, ভোর ১টা ৩০ মিনিট।।


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...