সোমনাথ বেনিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমনাথ বেনিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৯ / সোমনাথ বেনিয়া

 কবিতা


উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৯ / সোমনাথ বেনিয়া



লালার স্বপ্ন শুধু ললিপপ ঘিরে, ব্রাত‍্য কাঠির কাছে রাখে ঘৃণা

জিভের উৎসবে দাঁতের মাঢ়ী জানে গ্রহণের কাতরতা বিশাল

নিশ্বাসে ওঠা-নামা, ট্রাকিয়ার দেহজুড়ে মিষ্টির শীৎকার

ঘন অন্ধকারে কোনো জোনাকি জন্মালে তারাদের কৌতূহল

মুখের ভিতর যমজ বোন কিংবা ভাইয়ের হারিয়ে যাওয়ার মেলা

ঠোঁটের উপর শুকনো রেখা হালকা জলজ অভিঘাতে মগ্ন

আলতো বোল হাসির মৌতাতে পিছলে যায় সরল সুন্দরে

সে তো তালব‍্য বর্ণের মাচা, ক‍্যান্ডির অহংকার উচ্চপর্যায়ের স্বপ্ন

বত্রিশের কে পেলো, কে-বা না, তার খোঁজে রিপুর নির্দেশনামা

সংসারে অভাব থাকলে পুনরায় পাওয়ার আহ্বান জোরদার

স্বাদ কোরকের শিরোনামে গদের আঠার মতন মুগ্ধতা থাকে

সংবহনতন্ত্রে লিখে রাখে আগন্তুকের স্বভাব ভারি উৎসাহমূলক

আঙুলে থাকে দেওয়ার ইচ্ছা, বিনিময়ে প্রত‍্যাশার ছেঁড়া পালক

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৮ / সোমনাথ বেনিয়া

 কবিতা


উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৮ / সোমনাথ বেনিয়া



কোন পদ্ধতিতে, কোন প্রণালীতে খুঁজবে যে নিখোঁজ বারবার

আকাশের পুঁথি পড়ে পাখিও বুঝে নিচ্ছে চরাচরসমগ্র

ডানার ভাঁজে লুকিয়ে রাখছে সতর্কতার গুপ্ত মেড ইজি

হাতের তালুর ছাপে আতশকাচে দেখবে সময় কতদূর গেছে

শীর্ণ ছায়ার কাছে দুরন্ত বিশ্রামের আশা নিয়ে বোকা হয়েছো

ভাবো তো, কত সূর্যহত‍্যা, বায়ুপ্রদাহ, ঝরা পাতার ছিন্ন বিলাপ

মুখ ঘুরিয়ে শেষ অধ‍্যায়ের অংশবিশেষ মনে করার চেষ্টা

জানা নেই মজা খাল জীবনের কোন প্রহরের প্রতিফলন

অথচ সেই ভাবনা ভুলে চায়ের কাপ হাসি নির্বাচন করে

এই বিভ্রমের মধ‍্যে ডুবে পানাপুকুরের জলস্তর মাপছে

কাদাখোঁচা পাখির  কাছে ঘনশ্বাস নিয়ে বসে থাকা নিরুত্তর

ফুটপাথের দেওয়ালে ফেলে আসা দৃষ্টির হিসেব চোখের পলকে

স্বপ্নে মণি ছুঁতে গিয়ে আদরে চুমু খাচ্ছো সাপের ফণাকে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৭ / সোমনাথ বেনিয়া

 কবিতা


উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৭ / সোমনাথ বেনিয়া



ঘরের ভিতর ঘর, মশারি, ভিতরে সত্তার আবছা অবয়ব

দু-পাশ থেকেই বোঝার আকুল চেষ্টা মগডালের বিবৃতি

সিলিং ফ‍্যানের হাওয়ায় উসকে ওঠে রোমকূপের ঋতুচক্র

ছোটো ছোটো আড়াল কার অপেক্ষার কথা বলে সংসারে

চার কোণার খুঁটে যাপনচিত্রের কালচে অবস্থান অপঠিত

শুধু নীল আলোয় বিছানার চাদরে ঘুমহীনতার ছটফটানি

কেউ জানবে না ওষুধের মলিক‍্যুল লড়তে গিয়ে মরেছে

আনন্দের হালকা শীতল হাওয়া ফুরফুরে সুড়সুড়ি শরীরে

পাশবালিশের কাছে আত্মহননপর্ব রেখে সমর্পণ গভীর

ভোলা শক্ত মনের আনাচেকানাচে যত চিন্তার রূপকথা

নিয়ত ক্ষিপ্ত রক্তে অকারণে বাড়ে মস্তিষ্কের গ্রে ম‍্যাটার

সজীব শরীর যেন খাতায় মাথার তেলে ছাপ তোলা ছবি

অসন্তোষের আঙুল দিয়ে ভালোবাসার কবিতা লিখছে কবি

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৬ || সোমনাথ বেনিয়া

 কবিতা


উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৬ / সোমনাথ বেনিয়া



চারিদিকে ফেস্টুন, ছুটে আসছে বিজ্ঞাপনের লোভনীয় হিল্লোল

যথেষ্ট রহস‍্য ভাষার ভিতর ঝুলবারান্দা, পাটের দড়ির দোলনা

কীভাবে শৈশব ভেঙে হাঁটুর খোলে জমেছে বয়েসের কানাকড়ি

শুধু মনে হয়, এই জীবন টেলিগ্রাম, অসময়ে অন‍্যের কাছে বিপর্যয়

তাই প্রকৃতির কাছে পাঠ নিতে শরীরকে সংকুচিত করে রাখি

দাও অভিপ্রায়, দাও মনের ভিতর আন্তর্জাতিক ভুবনডাঙার মাঠ

সমস্ত কথাচরিত উচ্চারিত হোক ফিকে হ‌ওয়া আড়চোখের ভাষায়

অবিলম্বে ভুলে যাওয়ার প্রেমকাহিনি সাইকেলে চেপে দাঁড়াবে মোড়ে

জানি কোনো আমন্ত্রণলিপি থাকবে না মলাটের রঙিন স্টিকারে

সমস্ত বিভাগে শূন‍্যের বাতাবরণ আশ্চর্য নির্বাণের বিলাসিতা

শুধু উপাধি নিয়ে রাস্তা পারাপার, আয়ুর মধ‍্যপন্থার হলুদ সিগন‍্যাল

লজেন্সের রসে জিভের ঐতিহাসিক বিভোর আনন্দ কার শৈশব

তামাটে মুখের পৃথিবীর সূচিপত্রের মাঝখানে মৃত কবিতার শব

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৫ || সোমনাথ বেনিয়া

 কবিতা


উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৫ / সোমনাথ বেনিয়া



প্রিয় ডেয়োপিঁপড়ের কাছে সুগার কিউবের স্বচ্ছ আবদার রাখি

পরম তৃপ্তি ডায়াবেটিক শরীরে, ঝোপঝাড়ে পতঙ্গের উল্লাস

কালকেউটের আমৃত‍্যু প্রেম কলমিলতার নধর ডগার সাথে

এভাবেই গরম ভাতের স্বপ্নে খিদের আয়ু বাড়ে প্রতিদিন

মৃত‍্যু তার হতাশ্বাস নিয়ে বনবিড়ালের উঁকি দেয় বেলাশেষে

আসলে বিচলন, স্থির থাকার অভিপ্রায় থকথকে জেলির রূপক

বীজ শূন‍্য নয়, টেলিস্কোপে কালপুরুষ প্রশ্নবোধক, নিশ্চল উত্তর

এই সংসারের পাতা উলটে অগ্রদানী পুরোহিতের ভূমিকা অনস্বীকার্য

তাই তো শবদেহের তল্লাশি বৃথা যায়, নিজেই প্রমাণের কুরুক্ষেত্র

পাহাড়ের গা বেয়ে উড়ন্ত ঈগলের নিম্নগতি ভীষণ আনন্দদায়ক

অথচ দুরুদুরু বুক পাহাড়ের খাঁজে হিমসংক্রামিত হয়ে আছে

পাদদেশে রঙিন ফুলের বাহার, রক্তের ক্রোড়পত্র, শিরোনামে প্রত্নস্বপ্ন

রাতে চাঁদের আলোর নাম জ‍্যোৎস্না, দিনের ইতিহাসে অদৃশ‍্য নগ্ন

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ || সোমনাথ বেনিয়া || কবিতা

 কবিতা


উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ / সোমনাথ বেনিয়া



জাগতিক সব কাজে গন্ধ আছে, জানে সময়, জানে মহাকাল

গতিরেখা বরাবর ছুটলে একসময় হাতের মুঠোয় মথিত শৈলমালা

চিন্তার ভিতর রাখো উইপোকা, খেয়ে নিক যত মৌলবাদী অভিঘাত

দেখো সমস্ত মানচিত্র ফুলের বাগান, চরাচরে গুনগুনরত ভ্রমরের দল

বিরহ সরিয়ে রাখো, রাখো নানাবিধ লৌকিকতা, চারিদিক পাতাবাহার

দ্রাঘিমাংশ পেরিয়ে ভূগোলকে বুঝে নিতে পায়ের স্পন্দন যথেষ্ট

যেহেতু ঘূর্ণন, ট‍্যানজেন্ট বরাবর ঝুলিয়ে দাও ব‍্যাগভর্তি পুত্তলিকতা

কোনো রক্তপাত নেই, একসময় মানুষের বিকল্প প্রকৃত মানুষ হবে

যারা নাস্তিকতার গান গেয়ে ট্রেকিঙে গিয়েছিল, সুন্দর‌ই ঈশ্বর, জানে কি

ইতিহাস ব‌ইয়ের ডগ ইয়ার পাতার চর্চিতফুল হৃদয়ের একান্তর কোণে

হয়ত এই সেই গান যা শোনা হয়েছিল স্টেশনে, অন্ধের ঠোঁটের প্রযত্নে

যৌবন বর্ষায় ঢেকে থাকে বলে আশ্বিনের মেঘ উদাস, ঈশানে হারায়

হাত ধরার গল্প শুনতে কাশ ফুলের গায়ে লুকোনো শীত কোথায়

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৩ || সোমনাথ বেনিয়া

 কবিতা


উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৩ / সোমনাথ বেনিয়া



বহুদূরে কোনো স্থাপত‍্য হুড়মুড়িয়ে ভাঙছে, কে নাচছে তুমুল

তার পায়ের নুপূর কোন অভিমানে শিলাতে করছে আঘাত

এদিকে কৃষকের ঘাম খেয়ে সূর্যের আয়ু বাড়ছে, লাঙলে নুন

ভবিষ‍্যৎ তখন মিড ডে মিলের ডিমের কুসুমে প্রোটিন খোঁজে

বিভেদের কথা উঠলে রঙের বাক্স খোলা, তুলির মাথাঠোকা শুরু

শিল্পের কাছাকাছি দাঁড়িয়ে ফসলের জ‍্যামিতি প্রকৃতি সুন্দরী

অভিবাদন জানাবে যে আলপথ সে পতাকার রাজনীতির শিকার

তাই কি কেউ জ‍্যোৎস্নাপ্লাবিত রাতে জানালা খুলে বাঁশি বাজায়

বাঁশের মাচার উপর শুয়ে থাকা ভবঘুরের নির্জনতা খানখান

ছুটি দাও ব‍্যাকুল মনের হীন রথে বসে থাকা সারথির মধ‍্যাহ্নকে

অঞ্চল বলতে আঁচল শুনে পাশের বাড়ির ওড়না উড়ে আসে

আশ্চর্য আতরের গন্ধ অসংখ‍্য আসন পাতে প্রিয়জনকে চাইতে

মনের ঘুসঘুসে জ্বর কীভাবে কমবে, ঘুমালে হতাশার ধুনুচিতে

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৩ || সোমনাথ বেনিয়া || কবিতা

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৩ 
সোমনাথ বেনিয়া


বহুদূরে কোনো স্থাপত‍্য হুড়মুড়িয়ে ভাঙছে, কে নাচছে তুমুল
তার পায়ের নুপূর কোন অভিমানে শিলাতে করছে আঘাত
এদিকে কৃষকের ঘাম খেয়ে সূর্যের আয়ু বাড়ছে, লাঙলে নুন
ভবিষ‍্যৎ তখন মিড ডে মিলের ডিমের কুসুমে প্রোটিন খোঁজে
বিভেদের কথা উঠলে রঙের বাক্স খোলা, তুলির মাথাঠোকা শুরু
শিল্পের কাছাকাছি দাঁড়িয়ে ফসলের জ‍্যামিতি প্রকৃতি সুন্দরী
অভিবাদন জানাবে যে আলপথ সে পতাকার রাজনীতির শিকার
তাই কি কেউ জ‍্যোৎস্নাপ্লাবিত রাতে জানালা খুলে বাঁশি বাজায়
বাঁশের মাচার উপর শুয়ে থাকা ভবঘুরের নির্জনতা খানখান
ছুটি দাও ব‍্যাকুল মনের হীন রথে বসে থাকা সারথির মধ‍্যাহ্নকে
অঞ্চল বলতে আঁচল শুনে পাশের বাড়ির ওড়না উড়ে আসে
আশ্চর্য আতরের গন্ধ অসংখ‍্য আসন পাতে প্রিয়জনকে চাইতে
মনের ঘুসঘুসে জ্বর কীভাবে কমবে, ঘুমালে হতাশার ধুনুচিতে

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪২ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪২ 
সোমনাথ বেনিয়া

ব‍্যথার উপশমকারী ওষুধ আলাপী কথার কম্পাঙ্কে লুকিয়ে থাকে
হাতের তালুতে আঙুল গুটিয়ে চোঙা বানিয়ে ছুড়বে প্রতিধ্বনি
বাতাস বিক্রি হচ্ছে ফুঁয়ের সংসারে, জিভের রসালো লালার টেন্ডারে
চোখ রঙিন লিফলেট, অজান্তে কার সহকারী, জানে না পথচারী
কানের মধ‍্যে বোধগম‍্য শব্দ ঢেলে দিলেই স্নায়বিক পরিধি গাড়ির চাকা
নিরলস ঘূর্ণনে অতিক্রম করে জৈবিক পরিমিতির সমস্ত চ‍্যাপ্টার
পরিশেষে একবুক শ্বাস গ্রহণের ফাঁকে গন্ধ, দুরন্ত ছন্দের মাত্রা
প্রেমিকা তখন ক্লিওপেট্রা, এক আনুমানিক যুদ্ধ স্বপ্নে আসে
বিরোধীপক্ষের শ্বেতকণিকা তদন্তে নামে, খোঁজে আত্মরতির শব্দছক
হাঁটু আর পিঠ এক নয় বলে, কনুই অনাবিষ্কৃত থাকে ফি বছর
তবুও ব‍্যথার প্রকট উন্মোচন শিরদাঁড়ার প্রান্তে ভেষজমূলের ঘুনসি
কখন থুতুর আলতো প্রলেপ নিয়ে অ্যান্টিসেপটিক মলমের বিজ্ঞাপন
স্মৃতি না রেখে চিরতরে হারায় যে, সেই তো সম্পর্কের প্রিয়জন

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪১ || সোমনাথ বেনিয়া || কবিতা

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪১ / সোমনাথ বেনিয়া


সরাসরি মুখোশ নয়, ঘুরিয়ে মুখ ভাসছে জনপদের দেওয়ালে
দূর থেকে লক্ষ‍্য রাখছে প্রতিনিয়ত অভিধানের পাতা উলটে
কার কাছে কতটুকু ক্ষমতা আছে ধোঁয়ার অধিকার নিতে
পথ চলতে গিয়ে সত্তার সমগ্রতা আলুর চিপসের তেলচিটে গন্ধ
হাতের নখ বৃদ্ধি পেলে বোধের ঘটি গড়ায় বিষণ্ণ শব্দ তুলে
রক্তের সাথে ঘামের কথা হয় পরিকল্পনা শেষে গুপ্তধনের খোঁজে
গোড়ালির মুখে চুমু খেতে উদগ্র নিকটবর্তী ক্লান্তির লালচে ঠোঁট
কে জানে নিঁখুত কাকে বলে, অন্ত‍্যমিলে পরিযায়ী উড়ন্ত সুখ
চুল ফুরফুর, ভাবছে লক ডাউন শেষে সুসংবাদ আসবে দ্রুত
টবের অপরাজিত গাছের অভিমান হাতের উষ্ণতায় বিচলিত
হাতের লেখা গ্রাফোলজির অঙ্কে খোলে ওষুধের ধূসর চ‍্যাপ্টার
ছোটো করে বড়োকথা বললে টেবিলের চার পা সমান ভাবে বসে
মানুষ ছোটো নয়, তবুও ছোটো হয় আপাদমস্তক, মৃত‍্যু অবকাশে

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪০ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪০ 
সোমনাথ বেনিয়া



নিজের ভিতরে ঘুরছে, ভাইস ভার্সা হিসাবে আমি ও পৃথিবী
এভাবে সমীক্ষায় পাওয়া আয়ুর কাছে পৌঁছে ছেড়েছি হাঁপ
সব বরাদ্দ অঙ্ক হাতের করে রেখে বন্ধ মুঠো হয়েছে মুখবন্ধ
দেখি খাঁটি মাংসের মানুষ আর নেই সেভাবে, সব‌ই হাইব্রিড
দর কষাকষি নেই, বিক্রেতা জানে যা গছাবো তাতেই লাভ
নিজেকে নিজেই বিকচ্ছি সন্ন‍্যাসী সেজে পরমান্ন আলোয়
মোরগের ঝুঁটিতে ভোরের অলীক স্বপ্ন শিশিরে ভিজে থাকে
কোন ডাকে প্রস্ফুটিত ফুল ঝরে, চোখের প্রিয় ক‍্যানভাস নীল
প্রশ্নোত্তরপর্বে চতুর ঈর্ষা আজকাল ছাদের টবে ক‍্যাকটাস
তাই কাটা আর গোটার মধ‍্যে কোনো বিবাদ নেই, রসালো
ঠোঁটের কাছে চার প্রহরের স্বাদ অটুট থাকে জানে শিশু
যার জন‍্য তোলা রয়েছে সেও ডুবে-ডুবে শেষে তলানিতে ঠেকে
একবুক শ্বাস নিয়ে কেউ প্রতিদিন নক্ষত্রে খোঁজে তার মাকে

শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৯ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৯ 
সোমনাথ বেনিয়া



হাতের কব্জির ভিতর যে ব‍্যথা তা কি প্রেমিকার অনুক্ত চুম্বন
কনুইয়ের সংকেত বুঝতে রোমকূপ ডিঙিয়ে মন জলের প্রিয়সখা
আপ্তবাক‍্যের প্রতিধ্বনি আলটাকরায় ঝুলে শ্রাবণের ঝুলন
এরপর নির্জনতা প্রিয় কবির পঙ্‌ক্তি নিয়ে কার্নিসে বসে
সরু শ‍্যাওলার সমীকরণ ছায়াপথের অন‍্যতম ক্ষুদ্র সংস্করণ
জলের ব‍্যবচ্ছেদ থেকে মুখ তোলে পোকাদের অতৃপ্ত যৌনতা
অনেক কষ্টে তালব‍্য বর্ণ উচ্চারণ যেন শিশুর প্রথম রিলিফ
বারান্দার যে ধুলো পায়ের স্পর্শ পায় না তাকেই পুণ‍্য ধরি
স্বাস্থ‍্য কেন্দ্রের রোগীর আয়ুতে ছড়াবো লাইফ লাইন বৃদ্ধিতে
শব্দ, আহা, মধুর সে শব্দ কার শাঁখা-পলা তখন অভয়সূচক
মুখের জড়ুলে ফুটে থাকে কোনো অচেনা ফুলের রেণুকথা
নখ দিয়ে খোঁটার ছলে স্পর্শের আত্মসংযমকে পরিমাপ করা
যত প্রচ্ছন্ন প্রেম আত্মহত‍্যা করে সব‌ই কি প্রকটের ভাষায় গড়া

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৮ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৮ 
সোমনাথ বেনিয়া


শূন‍্যের স্থানাঙ্ক ধরে দু-দিকে এগোচ্ছে সমীকরণ সমাধান পেতে
কে কার, কাকে ধরলে আমূল ফলাফল পেনসিলের শিষে
মেদ ঝরিয়ে পোয়েটিক লাইনে শেষ কথাটি রেখো গোপনে
অজানা রাশিকে ধরে খুঁজবে বিপরীত মেরুতে কীসের অবস্থান
দূরবর্তী আলেয়া বিজ্ঞান মেনে রচনা করে ভয়াল রহস‍্যসংকলন
জনপদের শিহরনে আকাশের মাঢ়ী খুলে প্রকাশিত নক্ষত্র-দাঁত
কার আশ্চর্য বিনামূল‍্যে বিজ্ঞাপিত সুগন্ধ মাজনের ছায়াপথ
লৌকিকতা বাদ দিয়ে আসন পাতে সন্ধ‍্যার খবর সন্ধ‍্যামালতী
তখন ছেলেটির পাঠ‍্য ব‌ইয়ের ভিতর ক্রিকেট বলের শেষ রান
এসব লক্ষ‍্য করে শূন‍্যের স্থানাঙ্ক ধরে উপরে-নিচে এগোয় অঙ্ক
লাফ দিলে লব আর হেরে হরে বসে থাকে আপেক্ষিক গুরুত্ব
পাতা ওলটাতে গিয়ে মনে পড়ে মৌলিক চাহিদা কাগজের ঠোঙা
আগুন জ্বলছে বড়ো কথা, তার আবার গোটা কিংবা ভাঙা

শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৭ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৭ 
সোমনাথ বেনিয়া


এই হাড় ফিমার, আঘাত করবো নিজের মাথায়, ছপাং ঘিলু
রোদের ফোটন খুঁটে খাবে, ক‍্যালোরি নিয়ে দৌড়াবে জগৎ
ওই হাঁপানো জিভে লেগে থাক স্বাদের প্রয়োজনীয় ইতিকথা
ভীষণ সুন্দর ভেবে ছায়ার গায়ে হেলান দিয়ে স্বপ্ন বুনুক
কার কাছে চাইবো একহাত গর্ত, নির্জনতা ঢেলে ডোবা বানাবো
চুলের আণুবীক্ষণিক অংশ দেখা গেলে ধরবে এটুকুই সত‍্য
কেউ তেল নিয়ে ছুটবে বেলচার তলপেটে ব‍্যথার নিরাময়ে
তখন‌ই বুঝে নেওয়া আঙুলের ফোসকা ফুচকার জলছবি
সূর্য তেঁতুল দানার রঙ ধরে গা ডোবাবে ক্লোরিন মেশানো জলে
খাদ‍্যনালী যেন সুয়েজ খাল, গড়িয়ে নামছে চাহিদার মগ্ন তরল
কিছুটা ছটফট বাতাসে আধুনিক চিত্রকলার প্রায় ধরে ঘুমাবে
এই প্রদর্শশালায় দর্শক এসে খুঁজবে তার প্রিয় মাটির গন্ধ
প্রত‍্যেকেই খোলা মনের ঘর, পিছনের খিড়কি কার দোষে বন্ধ

বুধবার, ২৯ জুলাই, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৬ || সোমনাথ বেনিয়া || কবিতা

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৬ 
সোমনাথ বেনিয়া


কপালে ফুটেছে চন্দনের বিন্দু, সফেদ সুগন্ধ, মুক্তির চুম্বন
দুলছে নরম মৃণাল, দু-পাশে, বায়ুর শান্ত পরিশ্রমে
এরপর কোনো এক নক্ষত্র ভীষণ উজ্জ্বল দিক-বিশেষে
হাঁ করে অপর্যাপ্ত ঢোকে আপন করে রাখা পাঁজরের প্রচ্ছদে
পাতার ভাঁজে চ‍্যাপ্টা অন্ধকার আঙুলের থুতুতে জড়ায়
তার‌ই কিছু অলক্ষ‍্যে কখন চোখের প্রবেশদ্বারে কাজল
মুগ্ধ হয়েছি, আহা, যেন অঙ্কুরিত ছোলার ভোর, একরোখা
শিরদাঁড়া বেয়ে নামছে ভাবনার বিবর্তন, স্বপ্নের শ্লেষ
দমকা কাশিতে কার যৌবনে পড়েছিল মেদুর রোদের ছটা
সেও কি তখন লালপেড়ে, গ্রাম থেকে শহর ছাড়িয়ে
এসব হয়ত সিরিয়ালের নষ্ট অধ‍্যায়, গৃহিণীর খারাপ মন
খোলা পিঠে পড়ে থাকে আঙুলের অচেনা স্পর্শ সংবিধান
কোনো এক অক্টোবরে দেখি কুর্চিফুলের ব‍্যাকুল ঝাঁপান

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৫ || সোমনাথ বেনিয়া || কবিতা

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৫ 
সোমনাথ বেনিয়া

ভালো লাগে, পিঁপড়ের সারি, দুরন্ত পিয়োনের সংবাদ
নিয়ত নিয়মের জাঁতাকলে শেখায় রাজ‍্যপাট সহজ নয়
হাঁসের পালক ঝরা জল অনাদরে পড়া বৃষ্টির ফোঁটা
তাই কি মনের ভিতর অবলীলায় বজ্রপাতের শব্দ
জানো তো, প্রতিবেশীদের ভুল বাঁশবনের অন্ধকার, তন্দ্রা
সেখানে জ‍্যোৎস্না নেচার কোম্পানির জামের জুস, সুপেয়
সেই ছেলেবেলা খেলার মাঠে মার্জিনে খড়িমাটি, স্মৃতি
ক্ষয় আছে ধরে প্রতিযোগিতার বাজারে ঘরোয়া টোটকা
ভালো লাগে বকের সারি, তাদের বন্ধু হ‌ওয়ার কথা ছিল
নির্জনে দীঘির পাড়ে এক পায়ের সাধনা মুক্তির পথ
কার কাছে এবার খণ্ডাব রাশিচক্রে গ্রহের দোষ, প্রদোষ
হাতের ভিতর হাতের প্রবেশ, পরিকল্পিত অরাজকতায়
মন্দ কী, যদি প্রেমিকার নগ্ন উড়ান দেখি ঘৃণার মাথায় ...

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৪ || সোমনাথ বেনিয়া || কবিতা

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৪ / সোমনাথ বেনিয়া


কাকে প্রিয় বলি, প্রেমিকার গোলাপ, নাকি দেবীর জবা
কাকে প্রথমে খুশি করি, অন্নদাত্রী, নাকি অন্ন যে বেড়ে দেয়
সমস‍্যার মূলে ইন্ধন জাগিয়ে ছায়া অন‍্যদিকে চেয়ে থাকে
রাগ চণ্ডাল, মাথায় বসিয়ে দেশলাই কাঠি ধরাই, সুখে
আহা, পুড়ছে দেখো, গন্ধ তার, কার দুরন্ত বিপর্যয় ...
অন্নপূর্ণা কাঁদলে খাবার পাতে নুন লাগে না, জানে মন
যত বহুরৈখিক চিন্তা কীভাবে সরলরেখা হয় মার্জনায়
প্রণামমুদ্রায় ভাগ‍্যরেখার ফিসফাস শোনে দ্বাদশের রাহু
হাড়িকাঠে তিলক চড়িয়ে মাতৃবন্দনায় গুপ্তসংহিতার মন্ত্র
একের পর এক বায়ুমণ্ডলে আবাহন আলোখচিত শিশির
স্বতোবিরোধে ঈর্ষার জাঁতাকলে গুঁড়ো হয়েছি বহুবার
দু-জনেই প্রিয়, দেখি ময়ূরের পেখমে ঈশ্বরের রঙিন সংসার

রবিবার, ১২ জুলাই, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩১ || সোমনাথ বেনিয়া || কবিতা

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩১ 
সোমনাথ বেনিয়া


আকাশ স্লেট, শত সহস্র বর্ণ, কে সাজিয়েছে, কেন‌ই-বা
জোনাকির আলো হ‍্যারিকেনের সমার্থক মন বড়ো যখন
এই রূপ-রস-গন্ধ, শুরু থেকে শেষের দিকে অখণ্ড যাত্রা
গর্ভের জলে সাঁতার কেটে ডাঙায় উঠছে মানবজীবন
বুঝেছে বাইশ সেকেন্ডে রক্তকণিকার শরীরী ভ্রমণ ঘটে
যেন প্রান্তিক ভাবনা, গোত্তা খাওয়া ঘুড়ির সহ‍্য নিয়ে নামে
কী জানো, প্রতিবিম্ব ঠিক না হলে মনে সন্দেহ জাগে, ভয়
অসংখ‍্য বিভক্তি পেরিয়ে এসে পূর্ণমাত্রার ক্রিয়াপদ পাওয়া
তাই অভ‍্যাসবশত সত‍্যি কথা থিতিয়ে পড়ে, বেদনাদায়ক
যেন খুঁটিনাটি জিনিসের প্রতি নজর রাখছে কাজের মেয়ে
বাক্‌শক্তি হারায় সেরকম মেঘ না জমলে মনের কোণে
অসহায়গাছে ফুল ধরে, বীজের ভিতর নিষাদের উগ্র বিষ
স্নায়ুর সমারোহে শামুকের শ্লথ বিপরীতে পাখির মিষ্টি শিস

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২৭ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২৭ / সোমনাথ বেনিয়া


ক্রিয়াপদের কাছে গেলে রক্তকণিকায় জ্বর আসে, চরম
লতাগুল্মের এই জীবনে অবলম্বন বলতে শব্দবিদ‍্যার লাঠি
ঠুক ঠুক আওয়াজ চার প্রহরের অনুরণন, নিশ্বাস চলছে
ভাষাহীন থেকে আবেগের কাছে দর্শন খুঁজি, প্রাচীন পুণ‍্য
জানি না কবে আত্মমোচন শেষে প্রশান্তির দরজা খুলবে
সমর্পণের শরীরের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে আঁধার-জল
তালুর উপর এক ফোঁটা পড়লে সন্ধ‍্যার আন্তরিক আচমনপর্ব
চিলেকোঠায় উঠতে গিয়ে মন হাঁপালে অতীত কাশতে থাকে
সমস্ত হাসির অপ্রত‍্যাশিত ধূসর মার্বেলের গুলি, প্রিয় সর্বনাম
যত‌ই বলুক, হৃদয়ের ক্রোড়পত্রে টানা-পোড়েনের বীজ অঙ্কুরিত
মুখ ঘোরালে ইতিহাসের কোন পাতায় আসে সোনার রথ
হাতের তাবিজে ব‍্যয়বহুল নিরাপত্তা নিয়ে অগ্রসর, বাধা দেবে
সরল ভালো, তার চেয়েও ভালো অশ্রু, অঞ্জলিতে কে রাখবে

সোমবার, ২৯ জুন, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২১ || সোমনাথ বেনিয়া || কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২১
সোমনাথ বেনিয়া


জানি না, দূর বলতে যতটা দেখি, সেটাই জীবন কিনা
ওপাড় বলতে বুঝি কেউ বঁড়শি ঝুলিয়ে রেখেছে, টোপ
কোন ইন্দ্রিয়কে ধামাচাপা দেবো, নিজের কি, সেটাও প্রশ্ন
এই তো সন্ধ‍্যা মানে অনেকেই নিজেকে অপরাধী ভাবে
মনে থাকার কথা নয়, দেবীর ঋতুস্রাবে দেবতার জন্ম
শুধু ভাবছে হৃদয়, পানকৌড়ি, ডুব দিলেই মাছের ঝাঁক
কে কাকে শিকার করে, রক্ত এক্সপায়ারি ডেট পেরোলে
তবে কি সব আনন্দঘন পথের শেষে নো ম‍্যানস ল‍্যান্ড
বিষ মাখানো তর্জনীর সূচিপত্র, তফাত যাও, তফাত ...
অন্তরকে বেশি গুরুত্ব দিও না, একটু পাগলাটে ধরণের
জিজ্ঞাসা উঠতে পারে, কবেই-বা সে সুস্থ ছিল, অসুখপ্রিয়
কোলাহল শেষে কার চোঁয়াঢেকুরের কাছে টোকেন চাইবে
কাঁধে হাত রাখলে যে নিশ্বাস দীর্ঘতম, তাকে কী নামে ডাকবে

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...