সৌগত পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৌগত পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৯ জুন, ২০২০

শীলাবতী অববাহিকার ইতিহাস ও কৃষ্টি~ ৫ || মঙ্গলপ্রসাদ মাইতি || প্রতি সোমবার

শীলাবতী অববাহিকার ইতিহাস ও কৃষ্টি~ ৫
মঙ্গলপ্রসাদ মাইতি

আমার নিজের গ্রাম রাজবল্লভপুর সহ বৃকভানুপুর, কিশোরপুর, গড়বেড়িয়া, এলনা, লাউমারা, রঘুনাথপুর, বড়াই, দেওয়ান, কালিন্দীপুর, পাঁচামি, নিত্যানন্দপুর, চৈতন্যপুর, ধর্মপোতা ইত্যাদি গ্রামগুলি এই শীলাবতী নদী এবং তার খালের মধ্যবর্তী স্থানে অর্থাত্‍ বদ্বীপ অঞ্চলে অবস্থান করছে। স্বাভাবিকভাবেই বর্ষাকালে এই গ্রামগুলির মানুষজনের দুর্ভোগের অন্ত থাকে না। প্রায় বছরই শীলাবতীর বন্যায় প্লাবিত হয়ে পড়ে গ্রামগুলি। বাইরের সঙ্গে তখন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাগুলি। যাতায়াতের একমাত্র যোগাযোগ তখন নৌকা। বন্যাতে প্রায় প্রতি বছরই এলাকার ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ১৯৭৮ সালের প্রলয়ঙ্করী বন্যার কথা ভাবলে তো শিউরে উঠতে হয়। সেবার শীলাবতীর বিধ্বংসী বন্যায় সে যে কী ক্ষতি হয়েছিল তা এককথায় অবর্ণনীয়।
কাঁচা মাটির বাড়ি একটিও ছিল না সেবার। সব বন্যার জলে তলিয়ে গিয়েছিল। কত নিরীহ গবাদি পশুর যে প্রাণহানি ঘটেছিল তার ইয়ত্তা নেই। বিঘার পর বিঘা চাষযোগ্য জমি সেই বন্যাতে বালিচাপা পড়ে গিয়েছিল। তার রেশ এখনো এত বছর পরেও এলাকার মানুষজনকে বহন করে বেড়াতে হচ্ছে। ১৯৭৮ সাল। তখন এই প্রবন্ধকারের বয়স ছিল ১৩ বছর। ক্লাস এইটের ছাত্র ছিলাম। সচোক্ষে দেখেছিলাম সেই প্রলয়ঙ্করী বন্যার মারাত্মক রূপ। মনে পড়ছে সেই বন্যার সময় আমাদের পরিবারকেও বাড়ি ছেড়ে অন্যত্র উঁচু ভিটায়
গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। প্রায় এক মাস অন্যত্র বসবাস করতে হয়েছিল। শুধু আমাদের নয় এরকম দুর্ভোগ অসংখ্য মানুষকে পোয়াতে হয়েছিল। এখনো পোয়াতে হয়। এমনিতেই শীলাবতী বেশ শান্ত, ধীর। কিন্তু বর্ষার জল পেলেই সে ফুলে ফেঁপে উঠে। ভয়ঙ্কর চেহারা নিয়ে আছড়ে পড়ে গ্রামগুলিতে। আমরা প্রতি বছরই ঘাটালে যে বন্যার কথা শুনি, শুনি ঘাটাল বন্যায় ভেসে গেছে তা এই শীলাবতী নদীর জন্যই।
   একসময় শীলাবতী নদী এবং তার খালের মধ্যবর্তী গ্রামগুলিতে রাস্তাঘাট বলতে কিছু ছিল না। হাঁটু অব্দি, কোথাও কোমর অব্দি কাদায় ভরাট থাকত। মোটর বাইক তো দূরের কথা সাধারণ বাই সাইকেল পর্যন্ত নিয়ে যাতায়াত করা যেত না প্রায় অগ্রহায়ন মাস পর্যন্ত। এখন রাস্তাঘাটগুলির অনেক উন্নতি ঘটেছে। প্রায় প্রতিটি গ্রামের মানুষই যে যার এলাকায় সারাবছর নদী পারাপার হওয়ার জন্য বাঁশের সেতু বানিয়েছে। কিন্তু বর্ষাকালে সে সেতু আর থাকে না। বন্যায় ভাসিয়ে নিয়ে চলে যায়। বন্যার জল সরে গেলে গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে আবার সে সেতু বানায়। সারা বছর ভাঙাগড়ার খেলা চলে। ভাঙাগড়ার অনন্য নজির বোধহয় এই এলাকাতেই আছে।
 
 
   যাইহোক শীলাবতী নদী তীরবর্তী জমিগুলি বেশ পেলব এবং উর্বর। যার ফলে নদীর দুধারের জমিগুলিতেই ব্যাপক চাষবাস হয়ে থাকে। ধান, আলু গম, তিল সর্ষে, মটর, মুগ ইত্যাদির রমরমা চাষ এখানে। আর হয়ে থাকে ব্যাপক শাক-সবজি ও কাঁচা আনাজপতির চাষ। কপি, বেগুন, মূলো, পালং, করলা, উচ্ছে, বরবটি, সিম, ওল, কচু, তরমুজ, কুঁদরি, পটল ইত্যাদি। কী চাষ নেই এখানে? সব চাষ হয়ে থাকে শীলাবতীর বিস্তীর্ণ এলাকাজুড়ে। আর সেসব বাজারজাত করার জন্য যত্রতত্র গড়ে উঠেছে সবজিবাজার। এখান থেকে প্রচুর শাকসবজি কলকাতা হয়ে অন্যত্র দূর-দূরান্তে চলে যাচ্ছে। এই কাঁচা আনাজপাতির চাষবাস করে এলাকার অনেকেই অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর হয়ে উঠছে। তবে বর্তমানে এখানে অর্থনৈতিক কাঠামোটি দাঁড়িয়ে আছে মূলত আলু চাষের উপর। শীলাবতীর অববাহিকা জুড়ে আলুর ব্যাপক চাষ। টন টন আলু এখানে উত্পমন্ন হয়। তা সংরক্ষনের জন্য গড়বেতা, হুমগড়, গোয়ালতোড়, চন্দ্রকোণা, ঘাটাল, আরামবাগ প্রভৃতি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য হিমঘর। আলু চাষ হওয়ার জন্য এই সব এলাকায় অনেকেই আলু ব্যবসার সাথে যুক্ত হয়ে পড়েছেন। গড়ে উঠেছে আলু ব্যবসায়ী সমিতি। তাই যে বছর আলুর দাম থাকে সে বছর এলাকার চাষিদের মুখে আনন্দের সীমা পরিসীমা থাকে না, কিন্তু যে বছর আলুর দাম ঠিকমতো থাকে না সে বছর চাষিদের মাথায় হাত পড়ে যায়। আলু চাষের পাশাপাশি ধান চাষও হয়ে থাকে প্রচুর। আউশ, আমন এবং বোরো এই তিন রকমেরই ধান চাষ হয়ে থাকে বিভিন্ন এলাকায়। বর্ষাকালে যেহেতু ঘাটাল এলাকাটি শীলাবতীর জলে ডুবে থাকতো তাই এখানে বর্ষাকালে তেমন ধান চাষ হোত না, হোত বোরো চাষ। যা শীতের মরশুমে হয়। তবে ইদানিং বন্যার প্রকোপ কিছুটা কম হওয়ার এই এলাকাতেও আমন ধানের চাষ হচ্ছে।
  একসময় শীলাবতীর বিস্তীর্ণ এলাকাজুড়ে আখ এবং পাট চাষ হোত প্রচুর। জমির পর জমি আখ চাষ হোত। বছর শেষে শাল বসত, গুড় তৈরি হোত। কিন্তু সেসব আজ ইতিহাস। আলু চাষ এসে যাওয়ায় আখ ও পাটের চাষ প্রায় বন্ধ হয়ে গেল। একবছর তো আর একটা চাষের জন্য একটা জমিকে ফেলে রাখা যায় না। আলু চাষ আসায় আর একটা সুবিধা হল, জমিগুলো প্রায় তিনফসলি হয়ে গেল। যার ফলে এখনকার বেশির ভাগ জমিই তিনফসলি, কোনো কোনো জমি দোফসলি। একফসলি জমি আর নেই বললেই চলে।

সোমবার, ১ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

এখানেই আমাদের ঘর গেরস্থালি। শান্তনু গঙ্গারিডি । উনিশে । একশো পঁচিশ টাকা ।



যখন কোন লক্ষ্য নিয়ে কবিতা লেখা হয় তখন তার রূপ অন্যরকম হয়ে যায় । সারা আসাম জুড়ে যখন উগ্র বাঙালি খেদানোর মোচ্ছব চলে তখন অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের কথা সার্থকভাবে উঠে আসে:     'অন্ধকার যখন সবচেয়ে দুর্ভেদ্য, কবিতা হতে পারে প্রতিরোধের সার্থক অস্ত্র ।' কবি শান্তনু গঙ্গারিডি সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' এখানেই আমাদের ঘর গেরস্থালি'
তে সেই প্রতিরোধের ছোঁয়া পাই যখন তিনি লেখেন:  'শেষ বাক্যটা খেয়াল করলে দেখা যাবে দুর্ভিক্ষের সাথে এষ্টারা জুড়ে দেওয়া আছে । এই নানাবিধ অজানা উপদ্রবের একটি হল: নাগরিকপন্ঞ্জী ।' ( 'রাষ্ট্রের সুরতহাল ')।
         কবির প্রতিবাদ বইটির পরতে পরতে শোভা পায়,  সাম্প্রতিক ঘটনাবলী তাঁকে তাড়িত করে ।সেখানে ছুটে আসে নস্টালজিয়া, হাহাকার, নিজভূমে পরবাসী থাকার মতো জীবন । ' এই গনগনে চুল্লির জীবন নিয়েও মনে হয়: আমরা আছি অবশ্যই বেঁচে আছি ।' (মেইক ইন ইন্ডিয়া চুল্লি থেরাপি) ।
        এ বইটির কোন পরিচিতি দেবার প্রয়োজন হয় না ।কোনো সংক্ষিপ্তসার, ভালো মন্দর ওপরচালাকি আলোচনার প্রয়োজন নেই । বইটি পড়া প্রয়োজন ।বাঙালির । ভারতবাসীর। বিদেশীর। 'কোথায় যাবে তুমি,  যেখানে যাও ....'।
          ঘুসপেটি আতঙ্ক  আমাদের রক্তে প্রবাহিত । শুনলেই  বহু মানুষ জ্বলে ওঠে ।ফায়দা তোলে রাজনীতি। সত্যি ভয়ঙ্কর সময় ! এ সময় এ কবির মতো অনেক কবির এ ধরনের বই প্রয়োজন । যা চিত্ত বিকশিত করবে ।তপন করের প্রচ্ছদ ভয়ঙ্কর এই সত্য তুলে ধরে।

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

তুমি এসরাজ হলে || সৌগত পাল || কবিতা

তুমি এসরাজ হলে...
সৌগত পাল

আমাকে দিও তোমার ছোট খাটো অভিঘাত
যা তুমি হারিয়ে ফেলেছো
অথবা তুমি বুঝত পারো নি তোমার নাভিতে এরকম সুগন্ধ ছিলো
বুনো চাঁপা ফুলের মতন
যেরকম পুরনো সেন্টের শিশি ভরা কিছু নাছোড় অভিমান
সেরকম মিহিন কিছু দিও।

কোনোদিন তোমার শাড়ির আঁচল পেতে দিও
যদি চাও
পাড় জুড়ে এঁকে দেবো মেঘ ও পাখির   
কিছু কাব্য
আমার কিছু না থাকা আমি উজাড় করে দেবো শেষ বসন্তের বিকেলে
তুমি শুধু তোমার দাবিগুলো রেখো
তোমার বুকের শুদ্ধতায় যে নৌকায় দুলে ওঠে সমুদ্র চারী
আমি সেরকম কোনো নোনাজলে  অদ্ভুত আলোয় বাজাবো এসরাজ
আমাকে সাহস দিও, সামান্য ভেসে যাও

তোমার সকল উচ্ছাস নিটোল ঝিনুক
   আমি কোনদিন নোঙর করবো না ও চোখের বন্দরে
ও বুকের পাশে থেমে আছে বিনিদ্র রাতের কথাগুলো
আমি দু আঙ্গুলে খুলে যাচ্ছি ইয়ারফোন এর ম্যাজিকাল জট
তুমি বুঝতেই পারো নি কোনোদিন
কিভাবে কবিতা লিখি

তুমি বুঝতেই পারো নি আমাকেও তোমার প্রয়োজন ছিল।



Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...