সৌমিত বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৌমিত বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

কিছু বই কিছু কথা ২৫৫ । নীলাঞ্জন কুমার || শ্রাবণকথা । সৌমিত বসু । আলাপ প্রকাশনী

 

কিছু বই কিছু কথা  ২৫৫ । নীলাঞ্জন কুমার




শ্রাবণকথা । সৌমিত বসু । আলাপ প্রকাশনী
। দশ টাকা ।

১৯৯৮সালের সৌমিত বসু- র কবিতার ভেতর যদি ঢোকা  যায় ,  তবে তার জন্য হাজির থাকবে ' শ্রাবণকথা ' নামের ১৬ পৃষ্ঠার কাব্য পুস্তিকাটি । যার ভেতরে কবি  অভ্যস্ত কবজির মোচড়ে ছড়িয়ে দেন স্বাদু কবিতা যেখানে শ্রাবণের সৌন্দর্য,  তার গতিধারা ও প্রবহমানতা  ধরা পড়ে। যেমন তাঁর শিরোনামহীন পংক্তি:  ' আকাশে আকাশে ঘষা আলোর আলোর বিদ্যুৎ,  মেঘে মেঘে ঝাপটানো ডানা,  ডানার আনন্দ রঙ ঘিরে বেড়ে ওঠা সম্পন্ন বয়েস,  চোখে মুখে সূর্যের রঙ ছাপিয়ে এলো চোখে কলঘরে । প্রণাম শ্রাবণ ।' , '  অমল অশ্রুঝরা কুয়াশার জল,  তুমি কেন , কেন কেউ কখনো মাখেনি ' ,
' অঝোর বৃষ্টির মাঝে আহত আশ্বিন সমস্ত আঁকা আছে একটি বিকেলে। ' -র মতো অনিবার্য উচ্চারণ ।
        কবি সৌমিত যখন যেমন ভাবেই কাব্যগ্রন্থ আনুন না কেন,  তিনি চমৎকার আবহ সৃষ্টি করেন তার ভেতরে যা আলোচ্য কাব্যগ্রন্থে সৃষ্টি করেছেন  । এই বইটির চোদ্দটি গদ্যধর্মী কবিতার মাধ্যমে তা আমাদের ভেতরে সংবহিত হয় । সৌমিত সেই কারণে  কবি ,  কারণ তাঁর আছে পরিমিতি জ্ঞান । এর ফলে কবিতা আরো গভীর হয়ে ওঠে ,  ক্লান্তি আনে না ।
              বইটির ভেতরে অভিনবত্ব এই যে কবি  শ্রাবণকে অনেক বেশি মানবিক করে তুলেছেন । অনেক কিছু জাগ্রত করে তোলেন বোধে । সম্ভবত সৌমিত বসুর ( বইটির মধ্যে প্রচ্ছদকারের নাম নেই)  প্রচ্ছদ পরিকল্পনা সুন্দর । বড় পরিপাটি কাব্যগ্রন্থটি সংগ্রহযোগ্য হয়েওঠে ।

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২৩৭ । নীলাঞ্জন কুমার || শৃঙ্গারের মায়াশব্দরূপ । সৌমিত বসু । ইসক্রা

 কিছু বই কিছু কথা  ২৩৭ । নীলাঞ্জন কুমার




শৃঙ্গারের মায়াশব্দরূপ । সৌমিত বসু । ইসক্রা । পন্ঞ্চাশ টাকা ।


' ঘুম পেলে ঐশ্বর্যকে জড়িয়ে ধরতে চাই,  অন্ধকারে বৌ এসে আমায় জড়ায় ' ( ' হে ঐশ্বর্য,  তোমাকে ') এই সোজাসাপ্টা অনেক প্রিয় উচ্চারণ কবি সৌমিত বসু তাঁর ' শৃঙ্গারের মায়াশব্দরূপ ' কাব্যগ্রন্থে বছর বারো আগে লিখে ফেলেছেন । সৌমিতের এই সব কবিতা আবার ছুঁয়ে দেখতে দেখতে বুঝতে পারি তাঁর ভেতরের সংযত অসংযত দিক কিভাবে তিনি ফুটিয়েছেন । যেমন  মা নামের কবিতাতে  তিনি অনিবার্যভাবে ফুটিয়ে তুলেছেন:  ' আমার জীবিত শত্রুদের মধ্যে আজও সন্ঞ্চরণশীল আমার মা । আমি ভুলেও চাই না এই শত্রুতা বন্ধ হোক । আমি ভুলেও চাই না আমি কবিতাহীন হয়ে পড়ি । ' বড় সুন্দর চাওয়ার সঙ্গে
আমার নিজের চাওয়া কেমন মিলেমিশে এক হয়ে যায় ! এটাই সৌমিতের ক্যারিশমা ।
        যা হোক,  সব সত্যের সামনে নিজেকে অকপট রেখে তিনি বেশ ভালোই বলেন মনের কথা,  যা কবিতা হয়ে ওঠে আপন তালে । আসলে সত্যি সত্যি সৌমিতের ভেতরে কবিতা আছে । তার ভেতরে তিনি খেলাধূলো করেন ।
            কবির সহজ কবিতা লেখার দিকটি এই কাব্যগ্রন্থ থেকে পাই । তিনি লেখেন: ' গান গাইছি । শুকনো বেন্ঞ্চের ওপর বসে, দু - পা দুলিয়ে/  মা- বাপের অভিশাপ লেগে পুড়ে উঠছে চেনা গাছতলা । ' ( ' অপেক্ষা কিংবা গ্রহতারা ') । শিল্পী আর. কান্তির অনন্য সাধারণ সিল্ক স্ক্রিন প্রচ্ছদের দিকে অবিরাম তাকিয়ে থাকতে ইচ্ছে জাগে ।




সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার ঝ'রে পড়া কবিতা । সৌমিত বসু।

 কিছু বই কিছু কথা ।  নীলাঞ্জন কুমার 



ঝ'রে পড়া কবিতা । সৌমিত বসু। বনানী । পঁচিশ টাকা ।



' একটি নদী সমুদ্র হ'তে চেয়ে অন্ধকার দুহাতে মাখছে ' -র মতো শব্দগুণের কবিতা অবলীলায় লিখে ফেলেন কবি সৌমিত বসু । তাঁর সাম্প্রতিক কাব্য পুস্তিকা ' ঝ'রে পড়া কবিতা ' র ভেতরে এ ধরনের হরেক নমুনা পাই । যেমন:  ' সমস্ত ক্ষয়ক্ষতি লিখে রাখছি পাতায় । তুমি একবার শূন্যে তাকিও ' ( ' ঋণ '  ) , ' আমি নিশাচর । রাত্রি ভাঙি । চিরে দেখি রোদ আছে কিনা । ' ( গর্ভ-  ২) এর মতো উৎকৃষ্ট উচ্চারণ মন ভালো করে দেয় ।

          সৌমিত সেই কবি যার ভেতরে কেবল কবিতা । তাঁর কথাবার্তায় ধরা পড়ে তিনি কবিতাতে আছেন । তাঁকে কবিতার উপাদান সংগ্রহ করার জন্য হাতড়াতে হয় না আকাশ পাতাল । ছুঁয়ে থাকেন এক অপার্থিব জগৎ যা সাধারণের উর্দ্ধে । সে কারণে পংক্তিতে পংক্তি তে ছুটে আসে সেই বার্তা:  ' সংসার । ভেঙে যাচ্ছে । আবার অদ্ভুত ভাবে ফুটে উঠছে দ্যাখো । ' ( ' বংশধর ' ) , ' অন্ধকার জেঠুকে জানাবো,  সে যেন খানিকটা দেরী করে আসে ।' (' সংস্কার ')। যার ভেতর কোন ছলনা পাই না ।

                 ' কেউ সফল নই । না তুমি,  না তোমার তোবড়ানো বিকেল ' -( 'যাত্রী') এর মতো শব্দ ব্যন্জ্ঞনা ছুঁয়ে যায় বলে সৌমিত কবি হয়ে উঠতে পেরেছেন ।তাঁর পরবর্তী কাব্যগ্রন্থ পাবার জন্য লোভী হয়ে উঠেছি । কবিকৃত প্রচ্ছদ প্রকৃতার্থে কবিতার প্রচ্ছদ হয়ে উঠেছে ।

যার থেকে শিক্ষা নেওয়া যায় ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...