Kantiranjan Dey লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Kantiranjan Dey লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৭ জুন, ২০২০

সবাই মিলে , সিনেমাহলে~ ২ || কান্তিরঞ্জন দে || প্রতি শনিবার

সবাই মিলে , সিনেমাহলে~ ২ 
কান্তিরঞ্জন দে



বায়োস্কোপ- মুভি - ফিল্ম - সিনেমা

       চল্ , সিনেমায় যাবি ? কথাটার আদত অর্থ হল , সিনেমা হলে যাবি ? এখন মানুষের মুখের দৈনন্দিন কথায় কথায় সেটাই              " সিনেমা " দেখতে যাবি ----এই অর্থে এসে দাঁড়িয়েছে ।

         আসলে , আমরা হলে বা প্রেক্ষাগৃহে যা দেখতে যাই , তা হচ্ছে , চলমান চিত্রমালা  বা মুভিং ইমেজেস । ছবির পর ছবি সাজিয়ে পর্দায় একটি গল্প ( কাহিনীচিত্র ) , একটি চিত্রপ্রবন্ধ ( ডক্যুমেন্টারী বা তথ্যচিত্র ) তুলে ধরা হয় । তাই বাংলায় সিনেমার অপর নাম ---- চলচ্চিত্র । ইংরিজিতে বলে -- মুভি । এমনকি , ফিল্ম বললেও ভুল কিছু বলা হয় না । বরং সেটাই একমাত্র মোক্ষম শব্দ । অন্তত কয়েকবছর আগে পর্যন্ত তাই ছিল ।

       পাঁচ - দশবছর আগে পর্যন্ত হত পাতলা করে রাসায়নিক আস্তরণ মাখানো পাতলা প্লাস্টিকের সরু পাতের ওপরে ক্যামেরা কাচে ঢাকা সরু ফুটো-র ( লেন্স ) মধ্যে দিয়ে প্রতিফলিত আলোয় আঁকা বস্তুজগত , মানুষ এবং  প্রকৃতির চলমান বা গতিময় ছবি পরপর তোলা হত । এখন সেটাই হয় , ইলেকট্রনিক পদ্ধতিতে , ডিজিট্যালি ।

       তাই সিনেমা মানে আসলে ফিল্ম । শুধু সিনেমা মানে হল , অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহ ---- যেখানে অনেক মানুষ একসঙ্গে ফিল্মে বলা গল্পটি বা বিষয়টি দেখতে - শুনতে যায় ।

        এককথায় , চলমান চিত্রমালাকে যদি ফিল্ম , মুভি , মোশন পিকচার বলা হয় , তবেই ঠিক বলা হল । কিন্তু , কালের নিয়মে দেশে বিদেশে মানুষের মুখে মুখে সিনেমা শব্দটিই বেশি চালু হয়ে গেছে । যাহা ফিল্ম , তাহা-ই সিনেমা ।
     সত্যি তো , নামে কি আসে যায় ?

      আজ থেকে পঞ্চাশ - ষাট বছর আগেও প্রবীণ মানুষদের মুখে বায়োস্কোপ শব্দটা শোনা যেত । প্রথম বিশ্বযুদ্ধের আগে , সিনেমার সেই আদি যুগে  সারা পৃথিবীতেই  দর্শকেরা সিনেমাকে বায়োস্কোপ-ই  বলত । কালে কালে সাহেবদের দেশে সেটা ফিল্ম, মুভি , পিকচার ইত্যাদিতে এসে দাঁড়িয়েছে ।

        আমাদের দেশে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে পিকচার বা ফিলিম  শব্দটাই বেশি চলে । বাংলায় বলা উচিত , চলচ্চিত্র দেখতে যাচ্ছি । কিন্তু আমরা বাঙালিরা , পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে সাধারণত বলি ---- সিনেমা দেখতে যাচ্ছি ।

        উঁহু , শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে  আমরা বাঙালিরা বলি ------ বই দেখতে যাচ্ছি । অথবা , দারুণ একটা  বই দেখে এলাম । টিভিতে আজ প্রসেনজিতের বই দেখাবে ।
দশজনের মধ্যে ন' জন বাঙালি সিনেমাকে  ' বই ' বলবেই ।

      কথাটা একদম ভুল প্রয়োগ । চলচ্চিত্র না বলতে পারেন , সিনেমা বলুন । নিদেনপক্ষে ফিল্ম , পিকচার , মুভি যা কিছু একটা বলুন ।

     কিন্ত , সিনেমাকে বই বলবেন না , প্লীজ !!!

       কেন ? সে ব্যাপারটা খোলসা হবে পরের সপ্তাহে ।

শনিবার, ২০ জুন, ২০২০

সবাই মিলে সিনেমা হলে~ ১ || কান্তিরঞ্জন দে || প্রতি শনিবার

সবাই মিলে , সিনেমা হলে
কান্তিরঞ্জন দে


       আমার সিনেমা দেখার শুরু , মায়ের আঙুল ধরে । আর , চোখে আঙুল দিয়ে সিনেমা দেখতে  শিখিয়েছেন , সত্যজিৎ রায় ।
 
     তখন ক্লাস সেভেন । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সেন্ট্রাল হলের পর্দায় --- পথের পাচালী । আম আঁটির ভেঁপু-র বালক অপুর সঙ্গে আমিও কখন যেন সিনেমার পর্দায় ঢুকে পড়লাম । আজও সেই আলো-ছায়ার নেপথ্যে ঘুরছি ।

       ছোটবেলায় সিনেমা দেখা ছিল একটা উৎসব । ৭--১০ দিন আগে প্ল্যান ছকা হত। বাড়িতে নতুন বর এলে আত্মীয়স্বজনকে সিনেমা দেখানো তার  বাধ্যতামূলক ছিল ।

       দল বেঁধে সিনেমায় যাবার গ্রুপ লিডার ছিলেন মা । মায়ের কোলে চেপে অরুণা-পূরবী-ছবিঘর-বীণা-র ব্যালকনিতে কত যে ছবি দেখেছি । সে সব আজ কিছু মনে নেই । বাবা ছিলেন রূপবাণী-অরুণা-ভারতী চেইনের  আংশিক  শেয়ারহোল্ডার । সিনেমা দেখতে মায়ের পয়সা লাগত না । বাবা অবশ্য জীবনে একটাও সিনেমা দেখেন নি । কি আশ্চর্য !!!

     উত্তর কলকাতা ছেড়ে কোন্নগরে আসবার পর মায়ের সঙ্গে  পাঁচবছর বয়সে দেখি ---- পরমপুরুষ  শ্রীরামকৃষ্ণ । ছবিটা কিছুই বুঝি নি । পর্দায় আবির্ভূতা মা কালী শুধু আকৃষ্ট করেছিলেন । সালংকারা ,  মুক্তকেশী , ঘোর কৃষ্ণবর্ণা  নগ্নিকা চোখে সিনেমার মায়াকাজল এঁকে দিয়েছিলেন ।

      মায়ের সঙ্গে সবসময় যে ঠাকুর-দেবতার ছবিই দেখেছি , ----- তা নয় । বাংলা-হিন্দি -ইংরিজি অনেক ক্ল্যাসিক ছবিও দেখেছি ।

       সিনেমা হলটির নাম ছিল ----- চলচ্চিত্রম । বেড়ার দেওয়াল । টিনের চালা ।

      চলচ্চিত্র অর্থে আমরা যে " সিনেমা " শব্দটি ব্যবহার করি , অনেক বড় হয়ে জেনেছি , সেটি ভুল । কেন ?

        সে প্রসঙ্গ , পরের সপ্তাহে ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...