তপশিলি মোর্চার বৈঠকে সংগঠন শক্তিশালী করার বার্তা
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণ এবং তৃণমূল স্তরে সংগঠনের ভিত আরও মজবুত করার লক্ষ্যে বিশেষ বৈঠকে বসল পশ্চিমবঙ্গ বিজেপির তপশিলি মোর্চা। পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়। তাঁর পাশাপাশি তপশিলি মোর্চার ছয়জন প্রাক্তন রাজ্য সভাপতি, বিভিন্ন জেলার জেলা সভাপতি এবং বিভাগ ইনচার্জরা বৈঠকে অংশ নেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপি তপশিলি মোর্চার সভাপতি বিশ্বজিৎ বিশ্বাসও। বৈঠকে সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর করে তোলা, তৃণমূল স্তরে সংগঠনের বিস্তার এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার সঙ্গে নিচুতলার সংগঠনের সমন্বয় আরও শক্তিশালী করা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনার বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত নেতৃত্ব। পাশাপাশি দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে অভিজ্ঞ নেতৃত্বের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক উপলক্ষে বিশ্বজিতবাবুকে শুভেচ্ছা জানান তপশিলি মোর্চার রাজ্য সম্পাদক ডক্টর সৌমিত্র রায়। বিশেষত বুথ ও তৃণমূল স্তরে সংগঠনের উপস্থিতি আরও সুদৃঢ় করা এবং নেতৃত্ব ও কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তপশিলি মোর্চার বর্তমান নেতৃত্বের পাশাপাশি ছয়জন প্রাক্তন রাজ্য সভাপতিকে নিয়ে এই বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আগামী দিনে তপশিলি মোর্চার সাংগঠনিক কর্মসূচি ও কার্যপরিকল্পনা নির্ধারণে এই বৈঠকের আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন