শ্রাবণী গুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্রাবণী গুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২১ অক্টোবর, ২০২০

আশ্চর্য সহবাস || শ্রাবণী গুপ্ত || কবিতা

আশ্চর্য সহবাস

শ্রাবণী গুপ্ত




একটা গোটা জীবন

আমরা গাছের বেড়ে ওঠা দেখলাম


জাফরীর মতো আলো-ছায়া এসে পড়ল

আমাদের গায়ে, হৃদয়ে


তবু ঘৃণা করতে গিয়ে আমাদের গাছের কথা

মনে পড়ল না....


তবু প্রতিহিংসা করতে গিয়ে আমাদের ছায়ার কথা

মনে পড়ল না....


একটা গোটা জীবন

আমরা শুধুই আলোর উৎসের সন্ধানে মেতে

থাকলাম?


আহা কী আশ্চর্য সহবাস!

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

গাছ ও মানুষের কথা || শ্রাবণী গুপ্ত || কবিতা

গাছ ও মানুষের কথা
*********************
শ্রাবণী গুপ্ত


মানুষের জ্বর হলে
মানুষ পাশ ফিরে শোয়

গাছেদের জ্বরও হয় না ওরা পাশও ফেরে না

উত্তাপ মেপে নিতে নিতে ভেজা কাপড় কপালে রাখে, মানুষ

অথচ ভিজতে ভিজতেই গাছেরা বড় হয়ে ওঠে

গাছেদের তাপমাত্রা
মানুষের আর মেপে ওঠা হয় না

শুধু ছায়াটুকুই নিতে নিতে বড় হয়ে ওঠে মানুষ....

****************************************

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

কথকতা || শ্রাবণী গুপ্ত || কবিতা

কথকতা
----------------
শ্রাবণী গুপ্ত


তোমাকেই পছন্দ করি
ওগো গহন-কালো ওগো মেঘলা-বেলা

আমি সময়ের সমস্ত আয়ুধে শান দিতে দিতে
শিখে নিয়েছি আয়ুক্ষয়ের প্রস্তাবনা

সারাদিন যেদিন রৌদ্র ওঠে না
আমি গোছানো শীতের মতো শুয়ে থাকি
যেন গুটিশুটি

সারাদিন যেদিন আলো জ্বলে না
আমি চেনা আগুনের কাছে হাত পেতে থাকি
যেন হোমো ইরেক্টাসটি

তোমাকেই পছন্দ করি
ওগো প্রাচীন-শব্দ ওগো আদি-সংকেত

আমি নৈঃশব্দ্যের বুকে কান পেতে পেতে
শুনেছি যে কত কথকতা|


মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

অবগাহন || শ্রাবণী গুপ্ত || কবিতা

অবগাহন
শ্রাবণী গুপ্ত

একজন মানুষ
সাঁতার না শিখেই সারাটা জীবন কাটিয়ে দিল?

অথচ তার এক পাশে আদি গঙ্গা
ভৈরবী মূর্তি ধারণ করে বয়ে চলেছে,
অন্য পাশে ধানক্ষেতে বর্ষার জমা জল

গ্রামের মানুষের
ধানের অভাব হয় না কিন্তু ভাতের অভাব হয়

যেমন করে এক একটা মানুষ
চারিপাশে জল নিয়েও সাঁতার না শিখে কাটিয়ে দেয় সারাটা জীবন

তেমন করেই কৃষকেরা.....

শনিবার, ৬ জুন, ২০২০

যৌবনের উল্টোপিঠে || শ্রাবণী গুপ্ত || কবিতা

যৌবনের উল্টোপিঠে
শ্রাবণী গুপ্ত



আমার যৌবনের উল্টোপিঠে
নিদারুণ এক শঙ্খ বাজে
করুণ এক শঙ্খ
যেন এইমাত্র প্রদীপের জ্বলে ওঠা
হয়তো বা নিভে যাওয়ার আগের মুহূর্ত
আমি প্রাচীন শঙ্খিল সাপের মতন
কোমর দুলিয়ে এগিয়ে যাচ্ছি
যেখানে সন্ধ্যা পড়ে ঘরে
কৌমার্য লুটিয়ে পড়ে এমনই তার ডাক
আমি উদ্দাম হেঁটে চলেছি
মাটি থেকে উপরে উঠব বলে
অথচ কোনদিন প্রেমিক দেখিনি
যার শরীরে কেবলই মায়াদাগ
জন্মদাগ হাতে করে বুকের উপর হাঁটি
এই সরীসৃপ জন্মে গর্ভবতী হবো বলে ...


বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

মুখোমুখি || শ্রাবণী গুপ্ত || কবিতা

মুখোমুখি
শ্রাবণী গুপ্ত


নিজেকে দেখেছি আয়নায়
আজও দেখি
দেখতে দেখতে ভাবি হচ্ছেটা কী
চুল পাকার পরিবর্তে দিন দিন কালো হয়ে উঠছে
দিন দিন বেড়েই চলেছে ত্বকের ঔজ্জ্বল্য
অথচ আমার বয়স বাড়ছে
আমার চোখে রিমলেস চশমা বসেছে
হাঁটুর মলম এসেছে
ফ্রিজের উপর ট্রে-ভর্তি ওষুধ নানান নামের

নিজেকে দেখেছি আয়নায়
আজও দেখি
দেখতে দেখতে ভাবি রহস্যটা কী
খোলা চুলে দাঁড়ালে নিজেকেই অচেনা লাগে
ভ্রূ যেন ধনুক, গালে যেন আপেলের আধফালি রাখা
অথচ আমার বয়স বাড়ছে
সিঁড়ি উঠতে উঠতে মাঝে দাঁড়াতে হয়
সকালের কথা বিকেলে মনে পড়ে না
রিপোর্টে রিপোর্টে ভরে গেছে ঘরের চারপাশ

আকাশ ছাদের নিচে এসে দাঁড়ালে
পশ্চিমে সূর্যকে ঢলে পড়তে দেখি
ঝরে পড়তে দেখি ফুল
বুঝতে পারি
বিদগ্ধ আয়নার সামনে দাঁড়াতে মানুষ
আসলে ভয় পায় ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...