রোশেনারা খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রোশেনারা খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২ জানুয়ারী, ২০২১

দুটি কবিতা || রোশেনারা খান || শনিবারের কবিতা

দুটি কবিতা

রোশেনারা খান






তুমি চলে গেলে


অনেক কথা হয়নি বলা

কষ্ট পাবে বলে,

অনেক কথা বলার ছিল

তুমি চলে গেলে।

মাসগুলো সব পার হয়ে

বছর হল শেষ,

কী জানি? কোথায় আছ,

কোন সে খুশির দেশ।

স্বপ্ন ছিল সাধ ও ছিল

হারিয়ে গেল সব,

এখন শুধু নীরবতা

নেই তো কলরব।

সুখ দুঃখের সাথী হয়ে

কাটল কিছুদিন,

তবুও জানি রয়ে গেছে

দিনের কাছে ঋণ।

ছোট ছোট খুশি ছিল

ছোট ছোট সুখ,

তারই মাঝে ছিল যে

তোমার হাসি মুখ।

নিজের মনে গুমরে মরি

বলব কাকে বল ?

যাবার বেলা বললে না

আমার সাথে চল।




আমার কবিতা



কবিতা আমার স্বপ্ন বিলাস

কবিতা আমার প্রতিবাদ,

কবিতা আমার রুদ্ধ কান্না

কবিতা আমার গোপন সাধ।

তোকেই বলি মনের কথা

কবিতা তুই আমার সই,

তুই আমার ব্যথার প্রলেপ

তুই আমার সুখ অথৈ।

যা  লিখি মনের পাতায়

খাতায় তা জমিয়ে রাখি,

সবাই যখন দূরে চলে যায়

তোকে নিয়েই বেশ থাকি।

তুই আমার আমিও তোর

সত্যি জানবি এই কথা,

দুজন দুজনের পরিপূরক

কেউ কাউকে দেবনা ব্যথা।


             

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

বিষাদ গাথা || রোশেনারা খান || কবিতা

বিষাদ গাথা

রোশেনারা খান




ঝড় উঠছ  ঝড় থামছে

          পৃথিবী হচছে শান্ত।

আমি হাসছি আমি কাঁদছি

              হচ্ছি না তবু ক্লান্ত।

আমি ভাবছি আমি ভাঙছি

           আবার লাগছি জোড়া,

মন ভাঙলে দাগ থেকে যায়

         যায়না তাকে জোড়া।

যা যা দেখি তা লিখে রাখি

            জানিনি পড়বে কে ?

এইদিন মাস হবে ইতিহাস

             মূল্য কি পাবে সে ?

একদিন আমি থাকবনা জানি

            তার কাছে যাব চলে।

সেদিনের ক্ষণে রাখবে  মনে ?

            নাকি যাবে সব ভুলে ?

ছিল সব বেশ হয়ে গেল শেষ

            নেই কিছু আর বাকি,

আমরা কজন ছিল খোলামন

            আজ গুম হয়ে থাকি।

ফাগুন জৈষ্ঠ একই কষ্ট

          নেই তো তফাৎ কিছু,

কষ্ট যে মনে বোঝে কোনজনে

             চলি মরণের পিছু।

পিছনে ফেরার নেই অধিকার

           সামনে অনেক পথ।

যেতে হবে দূর পথ বন্ধুর

           আসবেনা নিতে রথ।



                     

            ,          

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

তুমি আমি || রোশেনারা খান || কবিতা

তুমি  আমি

রোশেনারা খান




তুমি যখন আমার কথা ভাবছিলে,

হয়ত বা মনে মনে হাসছিলে।

আমি তখন বালিশে মুখ গুঁজে, 

মনের পাতায় যাচছি কি সব খুঁজে। 

তুমি  যখন আমার ছবি আঁকছিলে,

ফেলে আসা দিনের কথা ভাবছিলে।

আমি তখন এগিয়ে পায়ে পায়ে,

পৌঁছে গেছি শীতল সে এক ছায়ে। 

তুমি যখন জ্যোৎস্না রাতে ভিজছিলে,

মনে মনে কাকে যেন খুঁজ ছিলে।

আমি তখন ছায়াপথে হাঁটছিলাম,

মনে মনে তোমার কথাই ভাবছিলাম ।

তুমি যখন ঘুমের ঘোরে কাঁদছিলে,

আমার চেনা নামটি ধরে ডাকছিলে।

আমি তখন তোমার কাছেই আসছিলাম,

স্বপন হয়ে তোমার চোখে  ভাসছিলাম। 

ঘুমটা তোমার ভেঙ্গে গেল যেই,

দেখলে চেয়ে আমি কোথাও নেই ।

তোমার  আমার হলনা আর দেখা,

জীবন খাতায় এটাই ছিল লেখা। 





মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

আর একটা তাজমহল || রোশেনারা খান || কবিতা

আর একটা তাজমহল 
রোশেনারা খান


আমাদের  ভালোবাসা অমর করে রাখতে তুমি হয়ত আর
একটা তাজমহল গড়তে পারবেনা।
কিন্তু আমি  আর একটা যমুনা সৃষ্টি করতে পারি।
যদি কোনো কলম্বাস সেই যমুনার উৎস সন্ধানে উজানে পাড়ি দেয়,
তবে ঠিক সে খুঁজে পাবে দুটি নীল চোখ।
যে চোখ দেখে  একদিন  তুমি  বলেছিলে, কবি হাফিজ তাঁর প্রিয়তমার চিবুকে‌র একটি তিলের জন্য বসরা  সমরখনদ্
বিলিয়ে দিতে  চেয়েছিলেন! আমি  তোমার  ওই দুটি  চোখের জন্য গড়ে দিতে পারি
আর একটা তাজমহল।

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

তোমার জন্য || রোশেনারা খান || কবিতা

তোমার  জন্য
রোশেনারা খান


আকাশ আমি তোমার জন্য বুক পেতেছি
শুধু তোমার জন্য।
তোমার  মত করে নিজেকে গড়েছি!
দৃষ্টি সীমার বাইরে থেকেও হৃদয়ে হৃদয় বিছিয়ে কেটেছে কত গ্রীষ্ম-বর্ষা-শরৎ--।হেমন্তের  শিরশিরে  বাতাসে
বুনোফুলের গন্ধ  তোমাকে  রোমাঞ্চিত  করেছে।
তোমার  হৃদয়ের  স্পন্দনে  অনুরণিত হয়েছে একটিই নাম।                             আমিও তোমার  উত্তাপ গায়ে  মেখে নিজেকে যাচাই  করেছি সময়ের কষ্টি পাথরে।
বাতাসের  গুঞ্জনকে কখনো
ঝড় হতে  দিইনি।
আজ তুমি  বলছ,  পূর্ণতা  কোথায়?
আচ্ছা, কবিও কি বৌঠানকে এই প্রশ্ন করেছিলেন?
তবে কি তোমার  পূর্ণতা  আমার  পূর্ণচ্ছেদে ?
ভেবনা আকাশ, আমি প্রাচীর গড়বনা।
এ তুচ্ছ প্রাণ ?
তাও রইল,
তোমার  জন্য।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

বেলাশেষে || রোশেনারা খান || কবিতা

বেলাশেষে
রোশেনারা খান



আকাশের গায়ে মেঘের চাদর
আবছা জোছনা রাতের আদর
কে জানে কেন এই অবেলায়
দাঁড়িয়ে দুজনে দুটি জানালায়
দুজনে কেন কার অপেক্ষায়
  আসেনা চিঠি এই  ঠিকানায়
   রীতিনীতির সীমানা ছাড়িয়ে
 দাঁড়িয়ে দুজনে দুহাত বাড়িয়ে
এমনি করেই কেটে যায় দিন
কুহকিনী আশা ক্ষীণ হতে ক্ষীণ
তবুও বাতাসে শিউলির ঘ্রাণ
সেদিনের স্মৃতি আজও অম্লান
কার বুকে কে  সান্তনা খোঁজে
সে শুধু জানে সেই তা বোঝে
সেই অনুভবে বাহির ও ভিতর
আবছা জোছনা রাতের আদর
জমেনি হিমানি বুকের ওপর
আকাশের গায়ে মেঘের চাদর


     
        

শনিবার, ১ আগস্ট, ২০২০

অলীক কল্পনা || রোশেনারা খান || কবিতা

অলীক কল্পনা
রোশেনারা খান


তুমি আমাকে যতটা সুনিপুণ ভাবে দূরে সরিয়েছ
আমিও ঠিক ততটাই নিঃশব্দে সরে এসছি।
প্রতিটি সম্পর্কের মধ্যে  "স্পেস" থাকাটা খুব জরুরি।
আমি অন্তত তাই মনে করি ,
বিশ্বাসও করি।
বিশ্বাস করেছিলাম তোমাকেও।
তাই নিঃসংকোচে জানিয়েছিলাম আমার ভাবনার জন্ম বৃত্তান্ত।
তোমার নির্ধারিত গণ্ডির বাইরে থেকে,
ভালো বেসেছিলাম, কেঁদেছিলাম,হেসেওছিলাম।
জীবনের সাদাকালো পৃষ্ঠাগুলো তুলে দিয়েছিলাম
তোমার হাতে।
মনে মনে ভেবেছিলাম--
প্রস্ফুটিত কমলের মত
তারাও ধীরে ধীরে দল মেলবে।
কিন্তু সে ছিল আমার অলীক কল্পনা।
আমি আর আমার আলেখ্য তোমার জীবন থেকে কবেই
হারিয়ে গেছি
নীরবে নিঃশ্বদে।


    

শনিবার, ১৮ জুলাই, ২০২০

সেই ফুলটি || রোশেনারা খান || কবিতা

সেইফুলটি
রোশেনারা খান



সেইফুলটি
বড় অসময়ে ঝরে গেল দেবতার অর্ঘ্য সুন্দর-সুবাসিত ফুলটি  ।
এখনো বাতাস ছুঁয়ে আছে তার সুবাস।
নিজের যোগ্যতায় যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল একদিন,
আজ তা পালন করতে গিয়েই
তাকে বিশ্ব মহামারীর বলি হতে হল।
এরা নীরবে কাজ করে মানুষের জন্য।তাই কী এদের জন্য নেই পর্যাপ্ত সুরক্ষা!নেই পুজা-পার্থনা?
ঝরে যাওয়া ফুল যে কুঁড়িটির  জন্ম দিয়ে গেছে,
তার বয়স মাত্র চার।
সে শিশু কীভাবে ফুটে উঠবে?
কাজের জায়গা কখনো শুণ্য থাকেনা।
সেখানে আবার কোন ফুল কিম্বা......
কিন্তু সেই গাছটি!
যার ডাল খালি হয়ে গেল?
কবির কবিতার মত,
কাল ফুলে ভরে যাবেনা।
আর বৃন্তচুত্য কুঁড়িটি যা হারাল তার অভাব কি কোনকিছু দিয়ে পূর্ণ্য করা যাবে?
এর সঠিক উত্তর জানা নেই।
অথচ বলা হবে-
মেয়েরা সব কাজের  যোগ্য নয়,
মেয়েদের জন্য সব কাজ নয়।
নারীকে মানুষ পরিচয় দিতে ,এখনো যাদের কুণ্ঠা,
তাদের ধিক্, শত ধিক্  ।

শনিবার, ১১ জুলাই, ২০২০

বর্ষা বালিকা || রোশেনারা খান || কবিতা

বর্ষা বালিকা
রোশেনারা খান












.


পাহাড়তলীটির স্নিগ্ধ ছায়ায়,
কোন স্বপনে কোন সে মায়ায়।
এঁকে ছিল সে শুধু চোখদুটি
গিয়েছে সদ্য যেন ঘুম টুটি।
নদী আছে তার পা'দুটি ছুঁয়ে
হিজল গাছটি জলেতে নুয়ে
মুখ দেখে ফুল জলের ছায়ায়।
হিরের কুচি ফুল ও পাতায়।
সে ছিল এক কিশোরী চপল
নদীর বুকে শ্যাওলার দল।
চোখদুটি আজ জলে ছল্ ছল্
কে যেন ছিঁড়েছে পদ্মের দল।
মৈটুসীপাখি এসে ফিরে যায়,
  সকালবেলা ভেজা হাওয়ায়।
সেই ছবিখানি আজ্ও অধরা,
কে এঁকেছিল যায়নি  তা ধরা।
শান্ত এখন কিশোরী চপল,
কোমরে বাঁধা সিক্ত আঁচল।
নদীর পাড়ে একা বসে বসে,
কখনো কাঁদে কখনো হাসে।
দু'পায়ে জড়ানো জলের নূপুর,
বাতাসে মিলায় নূপুরের সুর।
চোখদুটি আজ্ও  স্নিগ্ধ ছায়া,
 কার সে মনে কী ছিল মায়া ।

                   
                         

মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

তোমার সাথে || রোশেনারা খান || কবিতা

তোমার সাথে
রোশেনারা খান



তোমার সাথে হারিয়ে যেতে পারি,
শহর থেকে সুদূর সাহারাতে।
কিন্তু আমায় ফিরতে হবে রাতে,
চেনা মানুষ চেনা বিছানাতে।

তোমার সাথে ভেসেও যেতে পারি,
সাগর বুকে বন্দরে বন্দরে।
কিন্তু আমায় আসতে হবে ফিরে,
নিজের কাছে নিজেরই অন্দরে।


তোমার সাথে উড়েও যেতে পারি,
উড়োমোটর কিম্বা হাওয়ায় ভেসে।
কিন্তু আমায় ফিরতে হবে শেষে,
আমার ঘরে আমারই এই দেশে।


             
                 

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...