দীপক মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দীপক মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৭ মার্চ, ২০২১

দৈন্য-চক্র || দীপক মজুমদার || আজকের কবিতা

দৈন্য-চক্র 

দীপক মজুমদার



  অভাব :

 যে  মেয়েটা অন্তর্বাস  না পড়ে পড়ে

 যৌবনেও বয়সের হাঙ্গামা বুঝতনা কিছুই 

যে মেয়েটা  সারাটামাস আ-তেলা থাকত 

পেটপুরে  নুনপান্তাও পেত না___


অভাবে দিনকেদিন পেত্নীর মত যে মেয়ে 


সে মেয়ে

                 জন্মের  অভাগী !



স্বভাব : 

যে মেয়েটা আধপেটা খেয়ে এটা সেটা চুষত 

একটা দুটো বঁড়শীতে গাঁথা পুঁটির জন্য 

পুকুর-ডোবা ডোবা-পুকুর করে বেড়াত 

যে মেয়ে সারাদিন গরু নিয়ে রোদে পুড়ে 

আমজামতলায় পড়ে থাকত 

 বিকেলে  কোন বৌদির হাতকাজ সেরে 

ঘরে ফিরে

 সাঁজবাতি ছাড়াই রাতের গভীরে ডুবে যেত


অভাব 

            সে মেয়ের স্বভাব খেল ! 



অভিমান : 

যে মেয়ের একূল ওকূল বলতে কেউ নেই 

 যে মেয়ে স্বামীরও দুচক্ষের বিষ 

যার বুকের দিকে  একদৃষ্টে চেয়েই থাকত

 সবাই 

মনের অবস্থা কেউ বুঝতই না __

রোজ 'বেশ্যা' গাল খেয়ে খেয়ে দূর্বিষহ যার জীবন ,


সে মেয়ে 

             শরীর নিয়ে অতশত ভাবত না ___


শুধু অভিমানে নিদ্রাহীন রাত চোখের জল  মুছত !


                          *****

শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

ব্যবচ্ছেদ || দীপক মজুমদার || আজকের কবিতা

 ব্যবচ্ছেদ

দীপক মজুমদার



খাদের নীচে অবহেলিত অতীত 

  অণুপ্রেরণার ঝংকার তোলেনা,

গোবরে পদ্মফুল সে ফুটুক___

 ইতিহাস পাতিহাঁস !


কৃত্রিম ও বর্তমানের অমোঘ সহবাস

ক্ষণস্থায়ী ___

 নর্দমার পাকে নষ্টজীবন পাগলা দাশু,

 জীবনানন্দ কে হরি ?


 লক্ষ্যহীন শৈশব চৌরাস্তায় ভবঘুরে

 বিবেকের মুখ ম্লান

আমরা রানার ছুটছি দিবানিশি ,

অনিশ্চিত ভবিষ্যতে!

বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

অবহেলা || দীপক মজুমদার || অন্যান্য কবিতা

অবহেলা

দীপক মজুমদার




আর গোপন রাখব না আমাদের সম্পর্কের ইতিবৃত্ত।

 শব্দের খাঁজে লুকানো গোলাপের উষ্ণতা।

ঝাউবনের নির্জনতায় জৌলুস সম্পৃক্তি।

প্রিয় নিরাপদ ভাড়াঘরের সর্বসুখ ,

জীবনের আলো-অন্ধকার-গভীরতা....


এবার মুখ খুলতে চাই গহীন অরণ্যে 

 নিজের শূন্যতার  কাছে।

অবিশ্বাসী চোখে মূল্যহীন প্রতিশ্রুতির ছাই উড়ে।

মন ভাঙ্গুক নদীর পাড়ের মত  ভাল্লুকী-শীৎকারে __

গোপনীয়তার বেড়া ভাঙ্গতে মন নেই তবু !


তোমার পানসে প্রতিশ্রুতিতে  প্রেমের বাজনা নেই ,


আছে ভাঙ্গনের মৃদুবিষ__ 'অবহেলা' ।

বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

গ্লোবাল পলিটিক্স || দীপক মজুমদার || অন্যান্য কবিতা

 গ্লোবাল পলিটিক্স || দীপক মজুমদার




 বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে বিশ্ববাসী ,

                       কোন টু-শব্দ না করে।

ধোঁয়াশার অন্তরালে ষড়যন্ত্রের প্রশ্নচিহ্ন ছিল !

 কোভিড-১৯ কুঁকড়ে খাচ্ছে আমাদের।

অথচ গোটাবিশ্ব সিদ্ধান্তহীনতায় ।

 ফাঁকামাঠে পেশীর আস্ফালন       

দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

                 খেলা জুতসই নয়___     

গ্লোবাল পলিটিক্স-এ 'ড্রাগন' ক্রমশঃ এগিয়ে চলেছে  .....

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

*যুদ্ধ ॥ দীপক মজুমদার॥কবিতা*

 *যুদ্ধ ॥ দীপক মজুমদার॥* 



যুদ্ধের হাওয়া বইছে সীমান্ত বরাবর।

 যুদ্ধবিমান রানওয়েতে ওয়ার্মিং পজিশনে।

ট্যান্ক-মিসাইল-সেনা মোতায়েন চলছে নিরন্তর।

আজকের দিনেও বিশ্বের অনেকদেশ গিলে নিচ্ছে চীন।

আর আমাদের দেশ গান্ধীজীর অহিংস পথে 

নিয়ন্ত্রনরেখায় ভারতমাতা রক্ষার চেষ্টায় ব্রত।

কেউবা বাহবা দিচ্ছে আমাদের উদারতাকে,

কেউবা পাশে থাকার আশ্বাস দিচ্ছে।

তবু চীনের এই সাম্রাজ্যবাদী ভূতকে ঝাঁটা-তাড়া করার সাহস দেখাচ্ছেনা 

কোন সুপারপাওয়ার বা সংঘবদ্ধ জোট।

তুমি আমি অংক কষছি 

দিন    রাত     হার     জিত....

 প্রহর গুনছি অপূরনীয় ক্ষয়ক্ষতির __


আমাদের ও ভবিষ্যত প্রজন্মের....

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কবিতা *উইল॥ দীপক মজুমদার ॥*

 কবিতা

*উইল॥ দীপক মজুমদার ॥* 



মৃত্যুর পর__

আমার চোখ খুলে নিক কোনো আইব্যাংক ,

যদি কখনো ঘোর অন্ধকার গ্রাস করে আমায়,

দু'চোখ ঝাপসা হয়ে আসে , 

যদি বুঝি নিরর্থক এজীবন___


কথা দিচ্ছি মৃত্যুর আগেই দেব !


চাই ,আমার সমস্ত শরীর কেটেকুটে ছিন্নভিন্ন হোক 

কোনো অ্যানাটমি ক্লাসে ,

আমার সমস্ত ভিসেরা ছিঁড়ে-খুঁড়ে খাক্ অসংখ্য ডাক্তার-ছাত্র ,


যদি পুড়ে মৃত্যু না হয়__


আমার নরকঙ্কাল পাবে ভারতীয় যাদুঘর।


যদি মৃত্যুর আগে আমার কিডনী নস্ট হয় ,

যদি মৃত্যুর আগে আমার সিরোসিস্ হয় ,


আমার দেহাঙ্গ যাবে কোনো রিসার্স সেন্টারে ।


 


     

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

কোভিড ভীতি || দীপক মজুমদার || কবিতা

কোভিড ভীতি 
দীপক মজুমদার


মানুষ কাজে যাচ্ছে মানুষ পার্টিতে যাচ্ছে
মানুষ বিছানায় যাচ্ছে মানুষ সীমান্তের বিবাদে যাচ্ছে
গ্রামে শহরে হাটে মাঠে রাস্তায় বাসে মিছিলে যাচ্ছে মানুষ
নির্ভয়ে
করোনাকে কুচ পরোয়া নেহি ___

আমার মধ্যেও জিতে যাবার সমরশক্তি রয়েছে
তবু রাতের অন্ধকারে মিসাইলের মত  ধেয়ে আসে কিছু দুঃস্বপ্ন
যদি আমার মধ্যে হঠাৎ প্রাণঘাতী লক্ষণ বেড়ে ওঠে
যদি আমার চিকিৎসায় কারও সাহসের অভাব দেখা যায়
যদি অ্যাম্বুলেন্স গড়িমসির জন্য বড্ড দেরী হয়ে যায়
আর যদি আমার শেষ আক্ষেপ এমন হয়  :
'আমার ভেন্টিলেটর দূর-অস্ত অক্সিজেনও জুটলনা '
আসলে মানুষরা ভীতু ___
ভীতু        ভীতু         ভীতু ......
শুধুই কোভিড ভীতি কাটাতে মানুষরা চারদিকে সাহসী বেলুন ওড়াচ্ছে .....

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

অণুগল্প || অবিচার || দীপক মজুমদার

অণুগল্প 
অবিচার || দীপক মজুমদার 



সুজন মজুমদার ।  জলপাইগুড়ি জেলার উত্তরডাঙ্গাপাড়া গ্রামের এক  হতদরিদ্র পরিবারের ছেলে।বাবা ভাগচাষী। ওর একটাই স্বপ্ন ছিল পড়াশুনা করে একদিন  শিক্ষক হবে সে। 2000-এ HS  পাশ করতে করতে অভাবের সংসারে একমাত্র রোজগারে বাবা যখন প্রায় বিনা চিকিৎসায় মারা যায় তখন  ওর মাথার ওপর আকাশ ভেঙ্গে পড়ে।তবুও অদম্য জেদ নিয়ে সে পড়াশুনা চালিয়ে যায় । খুব ভাল মার্কস নিয়ে সে একে একে  BA অনার্স , MA এবং শেষে BEd ট্রেনিংও কমপ্লিট করে।কিন্তু  নিজের পড়াশুনার জন্য শেষ আশ্রয়টুকু বিক্রি করে দিতে হয়।পড়াশুনার পাঠ শেষ করার পর শুরু হয়  SSC -র প্রস্তুতি। তাও এর ওর বাড়ীতে থেকে ।তখন  ওর পকেটে একটা কানাকড়িও ছিলনা । ছিলনা  মাথাগোঁজার জায়গা বা দুবেলা খাবার । বন্ধুদের  সামান্য সাহায্য ছিল ওর ভরসা । ভেবেছিল চাকরী পেলে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওর স্বপ্ন  অধরা থেকে গেল । চাকরীতো পেলই না বরং ভাগ্যে জুটল কঠিন নির্মম বাস্তব। 2011-এ SSC-TET পাশ করে কম্বাইনড্ মেরিট লিষ্টে পিজি ক্যাটেগুরিতে ভাল রেন্ক করা সত্ত্বেও ওর চাকরী হলনা।অথচ ওর পরে রেন্ক করা অনেকেরই চাকরী হয়ে গেল । বঞ্চিত হল সুজন ।ফলে সে মনের দিক থেকে আরও ভেঙ্গে পড়ল ।এভাবেই অতিরিক্ত  দূঃশ্চিন্তায় কিছুদিন পর  যথারীতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। দিনের পর দিন পাগলের মত  অনাহারে অসহায় ভাবে কখনো স্কুলের বারান্দায় কখনো বা খোলা আকাশের নীচে সে রাত কাটাতে থাকে। ও যেন আকাশের দিকে তাকিয়ে  প্রায় বিড়বিড় করে কিছু বলে।ওর প্রতি যে অবিচার হয়েছে ঈশ্বরের কাছে  হয়ত বা তারই বিচার চায় ।রাষ্ট্র ওর সাথে একরকমের প্রতারণা করল বলা চলে। রাষ্ট্রের মদতে  চাকরী দেওয়ার নামে  যারা চাকরী বিক্রি করে তাদের কাছে ওর মেধা হেরে গেল। আজ ওর থেকে কম যোগ্যরা মেধাতালিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিক্ষকতা করছে ।এটি হল আজকের দিনে শিক্ষার মূল্যায়ণের নমুনা! হতভাগা শিক্ষা ব্যবস্থা! একটা ছেলে উচ্চশিক্ষিত হতে গিয়ে সব হারাল।বাবা-মা-ভিটে-বাটি-বাঁচার স্বপ্ন .....! একজন পরাজিত সৈনিকের মত সে আজ মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে ।

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

শব্দকবিতা || দীপক মজুমদার || ৫টি শব্দ'৭

শব্দকবিতা || দীপক মজুমদার
৫টি শব্দ'৭



১)
পাখিরাও বাসা বাঁধে ,
মানুষ গৃহহীন মানুষের সুবাদে।

২)
রোগীর মৃত্যু ? খুনী ডাক্তার__
চাপালেই হয় দায়ভার !

৩)
 তত্ত্ব জ্ঞান পুঁথির পাতা ..
 মস্তিষ্ককোষ জ্ঞানের  শেষকথা।

৪)
'জারজ ' নামকরণেই পেয়েছ সুখ ?
পোড়েনি তোমার মুখ ...!

৫)
বাঁচার লড়াই __
সময়ের বিন্দুতে বিন্দুতে
চড়াই উতরাই  !

বুধবার, ১২ আগস্ট, ২০২০

ষড়যন্ত্র || দীপক মজুমদার || কবিতা

ষডযন্ত্র
দীপক মজুমদার


এল আম্পান _
গরিবের ত্রাণ ,
 বান্ডিল লুট ।

করোনার ত্রাস _
দম হাঁসফাঁস _
হও একজোট ।

লকডাউন কেন ?
মাস্ক-ই  জেনো _
বাঁচার মন্ত্র ।

বাড়ছে বেকার _
ক্ষুধা হাহাকার ,
চলে ষড়যন্ত্র !

     ***

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

হারানো দিনের গল্প || দীপক মজুমদার || কবিতা

হারানো দিনের গল্প
দীপক মজুমদার



মুখোমুখি বসে কিছু কথা হয়েছিল ,
 কিছু কথা __
চোখে চোখে ভাবে ইশারায় ,
খুব সামান্য কিছু কথা__ কাজের ,

কিছু রহস্যে মোড়া ,কিছু আধপোড়া __
বেহিসাবী চাওয়া-পাওয়া
 গানিতিক যোগ-বিয়োগ কাটা-ছ্যাঁড়া
                                     শুকনো নিরস ...

ভাবি __
আজও খুব ভাবি ,
এলোমেলো সেসব কথার
                                কথা ,
কোথায় বা হারিয়ে গেল  __

 এজীবন কেন আজ প্রেমহীন ফাঁকা ?

                     *****

সোমবার, ২০ জুলাই, ২০২০

*চুম্বন ॥ দীপক মজুমদার ॥ কবিতা*

*চুম্বন ॥ দীপক মজুমদার ॥*

চুম্বনের পাল্টা চুমু খেতে আমি আকুল আকাঙ্ক্ষী ,
চুম্বনের পাল্টা চুমু পেতে আমি নতজানু ।
তবু যত্রতত্র
                  ভাব-ভালবাসা ছাড়া
                                                 মন না চাইলে __
 রক্ত-মাংস-প্রেমহীন কোন পুতুল-কে ___

                                       আমি থোড়াই  চুমু খাই !

                                 ***

শুক্রবার, ১০ জুলাই, ২০২০

আর্তের আবেদন || দীপক মজুমদার || কবিতা

আর্তের  আবেদন 
দীপক মজুমদার



একটা ফর্সা আকাশ মাথার ওপর ,
একটুও ধূলিকণা নেই বাতাসে ,

অমল হাওয়ায় আমাকে বেড়াতে নিয়ে চলো ।

একটা বৃক্ষ যেদিকে দাঁড়িয়ে থাকে অরণ্যের প্রতিনিধি হয়ে,
ধু ধু মাঠ নয় _

আমাকে মুক্তাঙ্গনে নিয়ে চলো।

বারবার ভীষন্ন আবেগে চোখ যেদিকে আটকে যায় ,
ক্ষুধার রাজ্যে আহা মৃত্যু থামো !

আমি বাঁচব

আমি বাঁচব

বাঁচতে চাই .....

মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

হার || দীপক মজুমদার || কবিতা

হার 
দীপক মজুমদার


 গালওয়ান ভ্যালিতে বীর যোদ্ধারা প্রাণ দেয়
দেশের মাটি বেহাত হতে হতে
একদিন হয়ত  আমরাই বিদেশী  হয়ে ওঠব

তবু রাষ্ট্রনেতার  চোয়াল শক্ত  হয়না

শত্রু-বিমান মাথার ওপর অনবরত  চক্কর কাটে
আমাদের মাথা নত করা কাজ

সুযোগ বুঝে চুনোপুঁটিরাও গলার কাঁটা হয়ে যাচ্ছে ...
                         
                                              ***

বুধবার, ১৭ জুন, ২০২০

নতুন জীবন ।। দীপক মজুমদার ।। নতুনদের কবিতা

নতুন জীবন ।। দীপক মজুমদার ।। কবিতা


যাই-

সমস্ত দুঃখগুলো মাটির তলায় পুঁতে আসি

কাল শ্মশানে যাব না নতুন করে দুঃখ পেতে

কাল সোজা রেস্টুরেন্টে যাব
গলা ভিজিয়ে মদ খাবদাব

আর পরশু শুরু করে দেব  নতুন জীবন

               
                

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

মৃত্যুমুখী || দীপক মজুমদার || নতুনদের কবিতা

মৃত্যুমুখী
দীপক মজুমদার



মানুষের যখন হাত পা ভেঙে আসে
মানুষের যখন ধীরে ধীরে বেড়ে চলে বয়স

যুদ্ধটুকু থেমে যায়

ক্লান্ত সম্পর্ক শুকনো পাতার মতো পড়ে থাকে
পথের ওপর

কারো কোনো টান নেই
ভগবান ছাড়া কারো প্রতি দূর্বলতা থাকে না

যেদিন

মানুষ

একা থাকতে চায়- বড় একা...

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...