ফটিক চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফটিক চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১০ মার্চ, ২০২১

ব্রিগেড || ফটিক চৌধুরী || আজকের কবিতা

 ব্রিগেড

ফটিক চৌধুরী



কুয়াশার জালে আটকে থাকা সূর্য 

                   দেরি করে উঁকি দেয় ময়দানে

সমস্ত সবুজ ভরে আছে অবাঞ্ছিত জঞ্জালে

সবুজে চলেছে অনাকাঙ্ক্ষিত ধ্বংসলীলা।

গতদিন ময়দান ছিল না, গড়ের মাঠও নয়

                                             ছিল ব্রিগেড

বেশ সুখে ছিল ময়দান এই করোনা কালে

এবার বুঝি তার কপাল পুড়লো

                             পুড়বে আরো কিছুদিন

ভুল বার্তা পেয়ে যারা আসে আলোর সন্ধানে

ঘাস মাড়িয়ে নিজেদের জ্বালা মিটিয়ে যায়

দাঁড়িয়ে থাকা গাছগুলো কত মিথ্যার সাক্ষী।


মানুষের গভীর অসুখ হলে

                               ময়দান সুখে থাকে খুব।



PHATIK CHAUDHURI

FLAT-2B, BINDU NILOY

25, BOSE PARA ROAD

MOHIT PARK,BARISHA

KOLKATA-700 008

MOBILE & WHATSAPP:

9476323930

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

বহমান ভাষা || ফটিক চৌধুরী || ভাষা দিবসের কবিতা

বহমান ভাষা

ফটিক চৌধুরী


এত বিধিনিষেধের মধ্যেও
               জীবন গড়িয়ে যায় ঠিক
শত বাধাতেও থামানো যায় না।
জীবনের গতি প্রতি মূহুর্তে বদলায়
যেমন ভাষা কখনো এক জায়গায়
                            দাঁড়িয়ে থাকে না
অনেক ভাষা থেকে কিছু শব্দ আহরণ
                               করে সে ধনী হয়
কত পাখি গান শুনিয়ে যায় ভোরে
বাতাস সে নিজস্ব শব্দে আন্দোলিত হয়
এইসব গান শব্দ ভাষা হয়ে দ্যুতি ছড়ায়।

মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই
               ‌             বিকল্প নেই মাতৃভাষার
'অমর একুশে' কিংবা 'উনিশে মে'
অনেক রক্ত লেগে আছে মাতৃভাষার বল্কলে
ঐসব লড়াইয়ের ভাষা বহমান নদীর মতো
ধমনীতে রক্তপ্রবাহের মতো
                                       বয়ে চলে নিরন্তর।

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

তিনটি কবিতা || ফটিক চৌধুরী || শনিবারের কবিতা

 তিনটি কবিতা

ফটিক চৌধুরী



অভিঘাত


কিছু গোলাপ ফুটে আছে টবে

                                    নীরবে

তাঁর কাঁটা যদি ফুটে যায় হাতে

                                     যাতে

হবে হয়তো একটু রক্তপাত-

জেনো, এসব ভালবাসার

                              অভিঘাত।


অচিন সুখ


চঞ্চলতা কোথায় লুকোবে, বুকে ?

তার ছাপ ঠিক ভেসে ওঠে মুখে

এ সব ছাপ

বড় নিষ্পাপ

জ্বলে ওঠে ঠিক অচিন সুখে।


উজ্জ্বল দিন


অন্ধকারে ধুলোবালির আস্তরণ

তাকে সরিয়ে কোথায় যাব ?

কতদূরই বা যাওয়া যায় !

মলিনতার শেষে যদি

এক ঝাঁক উজ্জ্বল দিন আসে !

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

তিনটি কবিতা || ফটিক চৌধুরী

তিনটি কবিতা

ফটিক চৌধুরী




ভালো-বাসার বারান্দাা


আজ ভালো-বাসার বারান্দাটা খুলে দেখি

চারিদিক শুনশান। নিস্তব্ধতা বিরাজ করছে

চারিদিকে।দূরে দেখা যায় ধূসর গাছপালা

কতো কিছু বলা হয়েছে এই বারান্দা থেকে।

মানবিক, মানবচেতনার রূপ, আরও কতো...


বলে গেছো লাঞ্ছিত মেয়েদের কথা, তাই

মাঝে মাঝে খুলি এই ভালো-বাসার বারান্দা

স্মৃতি হাতড়ে হাতড়ে...

একটা বছর কীভাবে যে পেরিয়ে এলাম !


তুমি বলে গেছো 'সই' পরিবারের কথা

পরিবারের প্রত্যেকের কথা এক এক করে,

তা এই ভালো-বাসার বারান্দা থেকেই।

তুমি তো এসব নিয়েই বাঁচতে চেয়েছো,

চেয়েছিলে, তাই মাঝে মাঝে খুলি,

ভালো-বাসার বারান্দা

যেখানে নির্মেদ স্মৃতি ভর করে থাকে।

(** ৭ নভেম্বর নবনীতা দেবসেন এর প্রথম প্রয়াণ দিবস)


নবান্ন



বর্ষায় দেখেছ ধানশিশু

শরতে তার যৌবনের দোলা

হিল্লোলে ভরে যায় সবুজের সজীবতা।

ধানের শিষে দেখ কৃষকের হাসিমুখ

দুধে ভরে ওঠে প্রতিটি ধানের গর্ভ।


আদর মাখামাখি হয়ে সোনালি রোদে

শুয়ে থাকে সোনালি ধান, হেমন্তে

ভরে ওঠে কৃষকের নিকানো খামার


ধান্যসুখে এবার নবান্নের সুবাস।



মেঘ পর্ব



দিনগুলোকে এত এলোমেলো করে রেখেছ

তাকে কিভাবে সাজাই ?

কোন দশক দিয়ে সাজাব ?

কখনও যুক্তির দশক কখনও মুক্তির

অথচ মুক্তি তো হলই না

সেই খাঁচায় বন্দি রয়ে গেলে !


যখন ভাবছ এবার বুঝি মুক্তি এলো

আকাশ ডাকছে, বাতাস বইছে দখিনা

মেঘেরা উড়ে যাচ্ছে, আহা আনন্দ....

তাদেরকে কে আর আটকায় !


জীবনের পর্বকে ভাগ করতে করতে তুমি

যেতে চাও মেঘেদের রাজত্বে ? তাহলে

এলোমেলো দিনগুলো মেঘপর্বে সাজাও।

শনিবার, ২১ নভেম্বর, ২০২০

পুরনো গরিমা || ফটিক চৌধুরী || অন্যান্য কবিতা

পুরনো গরিমা

ফটিক চৌধুরী



আমরা ভুলে যাই সেই সব

           পুরনো গরিমা

ভুলতে তো কোন বাধা নেই

ধূসর ধুলোর প্রলেপ কে আর

                       সরিয়ে দেখে !


শৈশব কেটেছে ধুলোবালিতে

        সারা গায়ে মেখে

                       কী নির্বিকার !

এখন নেই সেই ধুলোর গরিমা

সযতনে এড়িয়ে চলি, অথচ

মনের ভেতরে জমেছে যে পলি

তার উর্বরতা নিয়ে কত কথা বলি

 অথচ এই পলিই গড়েছে সভ্যতা

  অথচ সেই সভ্যতা আজ সর্বনাশ।


আমরা ভুলে যাই সেই সব

            পুরনো গরিমা

ধূসর ধুলোর কথা কে আর মনে রাখে !

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

সুজন || ফটিক চৌধুরী || কবিতা

 সুজন

ফটিক চৌধুরী



কোনো পাখি যদি ডেকে যায়

           তার কূজনে আমি সুজন হয়ে যাই।

তেঁতুল পাতার সুজন আর নেই

                           এখন ন'জনে ন'টি পাতা

টকের জ্বালায় কেউ বাস করে না সেখানে।


পৃথিবীর সবটুকু আলো কেড়ে নিচ্ছে

                                  কুশাসক ও মাফিয়া

অন্ধকারে ঘোরাফেরা করে কবন্ধ মানুষ

             তার ভয়ে সবাই আজ কৃষ্ণগহ্বরে

কে কার জন্য বেরিয়ে আসবে, অসময়ে?

তবুও এই হেমন্তে কোনো পাখির ডাকে 

কূজিত হলে আমাকে কি সুজন বলবে?



মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

দশটি হাইকু || ফটিক চৌধুরী || কবিতা

 দশটি হাইকু

ফটিক চৌধুরী



১. রবিঠাকুর

কাছে টানে নীরবে

বাড়ায় হাত।


২.প্রাণের টানে

কবিতায় এসেছি

কবিতা জানে!


৩.রাত বাড়ুক

আসবে সুপ্রভাত

তোমার জন্য।


৪.ঘুমের ঘোরে

তোমাকে প্রতিরাতে

কাছেই পাই।


৫.দিবস রাতি

চোখেরই পাতায়

জীবন মাখি।


৬.আমি অতল

খুঁজি, তুমি যেখানে

থাক গভীরে।


৭.কিসের টানে

চেয়ে আকাশ পানে

মনই জানে।


৮. পুরনো দিন

পথের পাশে জমে

কুড়িয়ে নেবে?


৯.ভীষণ খরা

প্রবল ধারাপাত

আসুক জরা।


১০.প্রহর গোনো

দেখ যমদূত কী

আছে দাঁড়িয়ে!

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

রঙ বদল || ফটিক চৌধুরী || কবিতা

 রঙ বদল

ফটিক চৌধুরী



রঙ বদলাচ্ছে পুরনো পৃথিবী

বাল্মিকীর উইঢিপি থেকে উঠে

আসছে দস্যু রত্নাকর, তার পাপের

দায় সবাই গাঝাড়া দিয়ে দিচ্ছে।

কিংবা কালিদাস হয়ে বসে ডালটি

কাটছি সেই ডালে বসেই,আর

দোষ দিচ্ছি পাড়া-পড়শিকে।


এখন বৃক্ষ বলছে: বোঝো ঠ্যালা

পাখি বলেছে : আকাশ আমাদের

অরণ্য বলছে : প্রবেশ নিষেধ

নদী বলছে : প্লাবন আনব

সূর্য হাসছে সাতরঙের সেই হাসি।


আর রঙ বদলে বদলা নিচ্ছে পৃথিবী।

রবিবার, ৪ অক্টোবর, ২০২০

অরণ্যে রোদন || ফটিক চৌধুরী || কবিতা

অরণ্যে রোদন

ফটিক চৌধুরী



কিছুটা অরণ্য রাখবে আমার জন্য?

শাল পিয়াল মহুয়ার?

কিছুটা কাঁচা পথ রেখো

যেখানে থাকবে বালি আর কাঁকরের টান

সাইকেল চালিয়ে চলে যাব

বুনো গন্ধ নিতে নিতে!

আমি হাঁপিয়ে উঠছি

ইট বালি সিমেন্টের কংক্রিটে

নিষ্প্রাণ দেহটাকে কি

নিয়ে যেতে পারব অতদূরে?

যদি গিয়ে দেখি সেখানে কোন

অরণ্য নেই, আছে অরণ্যে রোদন?

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

শিকড় || ফটিক চৌধুরী || কবিতা

শিকড়

ফটিক চৌধুরী



শিকড় কতদূর মাটির গভীরে গেলে

তা ঝড়ে উপড়ে পড়বে না ?

সম্পর্ক কত গভীরে গেলে

তা  জীবনে আছড়ে পড়বে না ?

এখন দেখতে হবে মাটিটা কেমন

গাছটাই বা কি

কিংবা সম্পর্কের গভীরতাই বা কত !

মাটির সঙ্গে যেমন শিকড়ের সম্পর্ক

মানবজমিনের ক্ষেত্রেও ঠিক তাই।

আমফানের মত বিপর্যয়

করোনার মত অতিমারি

বুঝিয়ে দেয় শিকড়ের সম্পর্ক।

শিকড়ের একটা টান আছে

যা মাটিকে ধরে রাখে।

সম্পর্কও তাই। টান না থাকলে

কোন সম্পর্কই স্থায়ী হয় না।

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

সঙ্গিনী || ফটিক চৌধুরী || কবিতা

 সঙ্গিনী

ফটিক চৌধুরী



আমি একটি সঙ্গী চেয়েছিলাম

যার নির্মানে থাকবে কাঁথাশিল্পের আবেদন

যার আবেদনে থাকবে ভ্রূপল্লবের ভঙ্গি

আকাশও নেচে উঠবে

বাতাসও মৃদুমন্দে ও ছন্দে

দোলাবে অবিন্যস্ত চুল।

জীবন সম্পর্কে পাঠ নিতে গিয়ে

দূরত্ব কমে এল যার সঙ্গে

ভ্রূপল্লবের ভঙ্গিতে ভুলিয়ে দিয়ে

আমার সঙ্গিনী হয়ে উঠল একদিন।

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

অণুকবিতা || ফটিক চৌধুরী



অণুকবিতা || ফটিক চৌধুরী



পাঁচ লাইন

১) ভুল ভাবে বাঁচা হয়ে গেল

২) অদৃশ্য? দৃশ্য থেকে দৃশ্যান্তরের অন্ধকার

৩) আমার অন্ত ছোটে অনন্তের দিকে

৪) কায়াগুলো ছায়া হয়ে অদ্ভুত মায়াময়।


ছয় লাইন


১) তোমার চোখে শ্রাবণ আমার চোখে প্লাবন

২)সূর্যালোকে অদ্ভুত আঁধার,সন্ধাগাছে চাঁদ লুকিয়ে

৩) রাস্তায় কোন বাঁক নেই, শুধু করোনার সরলরেখা

৪) ছুটতে ছুটতে ক্লান্ত পৃথিবী থেমে গেছে গৃহকোণে


সাত লাইন

১)এসো বৃক্ষ, তোমার কাছে এখন প্রকৃতিপাঠ শিখি

২) কোথায় টানবে রাশ, চারিদিকে ছড়িয়ে করোনা ভাইরাস

৩)স্বপ্ন দেখা ভুলে গেছি, বাস্তব সামনে দাঁড়িয়ে

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

তিনটি অণুকবিতা || ফটিক চৌধুরী || কবিতা

তিনটি অণুকবিতা
ফটিক চৌধুরী



সম্পর্ক-১
হাত থেকে পোর্সিলিনের প্লেট পড়লেই
        ‌                                       ভাঙবে
টুকরো গুলো জোড়া লাগানো যায় না
                                              কখনো
জোড়াতালির সম্পর্ক কখনোই সম্পর্ক নয়।

সম্পর্ক-২
নিয়ন্ত্রণ রেখার ওপর ভর করে থাকে সম্পর্ক
সম্পর্কের পাশেই থাকে কিছু কাঁটাতার
টিকিয়ে রাখতে গেলে সচেতন থাকা জরুরি।

সম্পর্ক-৩
কতটুকু বোঝাপড়া থাকলে একটা সম্পর্ক তৈরি হয়
কতটুকু বোঝাপড়া থাকলে শান্তি নেমে আসে পরিবারে
বোঝাপড়ার থাকা চাই মাপকাঠি, সঠিক সহাবস্থান
শব্দের বোঝাপড়া না থাকলে একটাও কবিতা হয় না।

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

নিয়ন্ত্রণ রেখা || ফটিক চৌধুরী || কবিতা

নিয়ন্ত্রণ রেখা
ফটিক চৌধুরী


আকাশে উড়ে যায় একঝাঁক পাখি
সেখানে কারও নিয়ন্ত্রণ নেই
এমন স্বাধীন উড়ান দেখি প্রতিদিন
শুধু আমাকে কে যেন নিয়ন্ত্রণ করে!

আমার আকাশে অন্ধকার ধেয়ে আসে
মেঘগুলি বৃষ্টি হয়ে ঝরে পড়ে শুধু।

আমাদের নিয়ন্ত্রণ রেখা আছে
                        পাখিদের নেই।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

তিনটি অণুকবিতা || ফটিক চৌধুরী || কবিতার সাম্প্রতিক প্রবণতা

তিনটি অণুকবিতা
ফটিক চৌধুরী


হৃদিমন্দির

আমার মুক্তইচ্ছাগুলোর দশা এখন বন্দির
শরীর নামক দেহ এবং হৃদয় নামক মন্দির
বিলিয়ে দিলেন ফুরায় না মনটা বরং জুড়ায়
পথপ্রান্তে যেটুকু পাই, কুড়াই শুধু কুড়াই।

জীবন নদী

জীবন যেভাবে বয়ে যায়
সে তো বহতা এক নদী
সে খরস্রোতার মতো ধায়
মাঝখানে বাঁধ না পায় যদি।

না বলেই

আমার যেসব বন্ধু ছিল
একে একে যাচ্ছে সব চলে
যেতে তো হবেই একদিন
কেউ চলে যাচ্ছে, না বলেই।

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

দোলাচল || ফটিক চৌধুরী || কবিতা

দোলাচল
ফটিক চৌধুরী

অদ্ভুত দোলাচলে কেটে যায় জীবন
ঘাটে নোঙর বাঁধে কেউ
কেউ ধেনু চরায় চারণভূমিতে
এইভাবে দোলাচলে কাটায় জীবন।

খন্ড খন্ড মেঘ ভেসে যায়--
দূর সুদূরে পাখিদের উড়ান
ভালবাসা রাঙিয়ে অস্তাচলে সূর্য।
এসব পার্থিব মায়াজাল কাটাতে কাটাতে
দোলাচলে কেটে যায় জীবন।

বুধবার, ১২ আগস্ট, ২০২০

চারটি "শব্দ'৫ কবিতা" || ফটিক চৌধুরী

চারটি "শব্দ'৫ কবিতা"
ফটিক চৌধুরী


১) বাঁচা হয়ে গেল
     ভুল ভাবে


২) অদৃশ্য?
     দৃশ্য থেকে
     দৃশ্যান্তরের অন্ধকার


৩) আমার অন্ত ছোটে
     অনন্তের দিকে


৪) কায়াগুলো
     ছায়া হয়ে
     অদ্ভুত মায়াময়।


বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

দুটি অণুকবিতা || ফটিক চৌধুরী

দুটি অণুকবিতা
ফটিক চৌধুরী


১. পরিযায়ী
পরিযায়ী দিনগুলো চলে গেছে দূরে
রাতগুলো পড়ে থাকে বদ্ধ জলাশয়ে
যেখানে কোন পদ্মও ফোটে না
আমি আর অপেক্ষা করি না
হাঁটতে থাকি রেললাইন ধরে।

২. অনন্ত ভালবাসায়

আমার  বিষন্ন সময়গুলো ভেসে গেছে
নদীর প্রবাহে, যা ছিল গোপন বিষাদ
তাকে রেখে এসেছি গহীন অরণ্যে
যার গভীরে প্রবেশ করা দুঃসাধ্য
এখন আমি থাকি অনন্ত ভালবাসায়।

সোমবার, ২৭ জুলাই, ২০২০

নীল অভিমান || ফটিক চৌধুরী || কবিতা

নীল অভিমান
ফটিক চৌধুরী


আমার নীল অভিমান জমিয়ে রাখি
ছোট্ট নীলখামে
যখন সেটা খুলব ডেকে উঠবে পাখি
ঠিক মধ্যযামে।
অবিশ্বাসের কাঁটার মধ্যেও ফোটে ফুল
নীল অভিমানে ভালবাসা থাকে নির্ভুল।

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২৭ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২৭ / সোমনাথ বেনিয়া


ক্রিয়াপদের কাছে গেলে রক্তকণিকায় জ্বর আসে, চরম
লতাগুল্মের এই জীবনে অবলম্বন বলতে শব্দবিদ‍্যার লাঠি
ঠুক ঠুক আওয়াজ চার প্রহরের অনুরণন, নিশ্বাস চলছে
ভাষাহীন থেকে আবেগের কাছে দর্শন খুঁজি, প্রাচীন পুণ‍্য
জানি না কবে আত্মমোচন শেষে প্রশান্তির দরজা খুলবে
সমর্পণের শরীরের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে আঁধার-জল
তালুর উপর এক ফোঁটা পড়লে সন্ধ‍্যার আন্তরিক আচমনপর্ব
চিলেকোঠায় উঠতে গিয়ে মন হাঁপালে অতীত কাশতে থাকে
সমস্ত হাসির অপ্রত‍্যাশিত ধূসর মার্বেলের গুলি, প্রিয় সর্বনাম
যত‌ই বলুক, হৃদয়ের ক্রোড়পত্রে টানা-পোড়েনের বীজ অঙ্কুরিত
মুখ ঘোরালে ইতিহাসের কোন পাতায় আসে সোনার রথ
হাতের তাবিজে ব‍্যয়বহুল নিরাপত্তা নিয়ে অগ্রসর, বাধা দেবে
সরল ভালো, তার চেয়েও ভালো অশ্রু, অঞ্জলিতে কে রাখবে

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...